গ্রামীণ ব্যাংক আইন বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে পাস হওয়া ‘গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা গতকাল রাজধানীর মিরপুরে ব্যাংক কার্যালয়ের সামনে সমাবেশ ও কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান।
গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি আয়োজিত এই সমাবেশে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দুলাল চন্দ্র কর ও সমিতির সভাপতি শামসুল আলম।
নেতারা বলেছেন, নতুন আইনের মাধ্যমে রাজনীতিকরণ করে গ্রামীণ ব্যাংককে ধ্বংসের পাঁয়তারা করা হয়েছে। আইন সংশোধন করার কারণে পরিচালক নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব পড়বে।
নেতারা আরও বলেন, এত দিন ধরে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ স্বাধীনভাবে ব্যাংক পরিচালনা করেছে বলে এটি একটি শক্তিশালী ভিতের ওপর দাঁড়াতে সক্ষম হয়েছে। কিন্তু নতুন আইনে পর্ষদের সেই ক্ষমতা বিলুপ্ত করে যেকোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আগে সরকারের সঙ্গে পরামর্শ করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
সামগ্রিকভাবে আইনটি গ্রামীণ ব্যাংককে ধ্বংসের দিকে নিয়ে যাবে উল্লেখ করে এটি বাতিলের দাবি জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মাচারীরা।
এদিকে গতকাল সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গ্রামীণ ব্যাংক ধ্বংস হয়ে যাবে বলে কয়েক বছর ধরে ড. ইউনূসই বলে যাচ্ছেন। গ্রামীণ ব্যাংক যদি ধ্বংস হয়েই যায়, তাহলে ওনার কারণেই হবে।’