গ্রামীণ ব্যাংক কমিশন ২০ জুলাই চূড়ান্ত প্রতিবেদন দেবে
গ্রামীণ ব্যাংক কমিশন গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন ২০ জুলাই সরকারের কাছে দাখিল করবে।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।
ক্রয় কমিটির বৈঠকের আগে গতকাল অর্থ মন্ত্রণালয়ে গ্রামীণ ব্যাংক কমিশনের চেয়ারম্যান সাবেক সচিব মামুন উর রশিদ অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
কমিশনের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা জানতে চাইলে মামুন উর রশিদ বলেন, এ মাসের ২০ তারিখ পর্যন্ত কমিশনের মেয়াদ রয়েছে। তার মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।
২০১২ সালের মে মাসে গ্রামীণ ব্যাংক কমিশন গঠন করে সরকার। নয় মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে কমিশন সরকারের কাছে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের সব সহযোগী প্রতিষ্ঠান ও গ্রামীণফোন-সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
জাতীয় সংসদে সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে কথা বলেছেন অর্থমন্ত্রী। তাঁর বক্তব্যের সমালোচনা করে ড. ইউনূস গত মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে ‘অর্থমন্ত্রী মিথ্যা কথাবার্তা বলেছেন’ বলে দাবি করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এখন কোনো মন্তব্য করব না। যথাসময়ে এ ব্যাপারে কথা বলব।’
ক্রয় কমিটি: অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটিতে গতকাল ছয়টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন ব্রহ্মপুত্র নদের ওপর গার্ডার সেতু নির্মাণকাজের দর প্রস্তাব দুটি। অন্যগুলো হচ্ছে বিজেএমসির কাছ থেকে ৭৫ লাখ বস্তা কেনা, পল্লী বিদ্যুতায়তন বোর্ডের একটি প্রকল্পের আওতায় ১২ হাজার ৫০টি কাঠের খুঁটি কেনা, গাজীপুরে ২২ বছর মেয়াদি ২০০ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ প্রস্তাব অনুমোদন এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পিপিএ অনুমোদন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।