গ্রামীণ ব্যাংক পরিদর্শন করলেন চীনের গানসু প্রদেশের গভর্নর
চীনের শাসকদল কমিউনিস্ট পার্টি অব চায়নার কেন্দ্রীয় কমিটির সদস্য ও দেশটির গানসু প্রদেশের গভর্নর লু হাও গতকাল সোমবার ঢাকার মিরপুরে গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর পরিদর্শন করেছেন। সেখানে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর পরিদর্শনে নয় সদস্যদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লু হাও। তিনি চায়না গানসু কমিটির মহাসচিব। চীনের ওই প্রদেশে গ্রামীণ ট্রাস্টের সহায়তায় ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করা হয়েছে।বৈঠকে লু হাও গানসুতে ক্ষুদ্রঋণ কর্মসূচি শুরু করার জন্য গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ওই প্রদেশে কৃষকদের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচির সাফল্য উদাহরণ সৃষ্টি করেছে। এখন চীনের ৩১টি প্রদেশে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। বিশেষ করে চীনের পশ্চিমাঞ্চলে গরিব কৃষকদের জন্য এই কর্মসূচি চালুর চিন্তা-ভাবনা চলছে।মুহাম্মদ ইউনূস জানান, ইনার মঙ্গোলিয়া ও সিচুয়ান প্রদেশে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য গ্রামীণ ট্রাস্ট চলতি মাসে চীন সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে। তিনি গ্রামীণ ব্যাংকের সামাজিক ব্যবসা কার্যক্রম সম্পর্কেও অতিথিকে জানান। গ্রামীণ ব্যাংক পরিদর্শনের জন্য লু হাওকে ধন্যবাদ জানান তিনি। গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক এইচ আই লতিফি এ সময় সেখানে উপস্থিত ছিলেন।দুই দিনের সফরে গত রোববার বাংলাদেশে পৌঁছান লু হাও। গতকাল রাতে তাঁর ঢাকা ছাড়ার কথা। বিজ্ঞপ্তি।