গ্রামীণ ব্যাংককে করের ১০ কোটি টাকা ফেরত দেবে না এনবিআর

নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের দেওয়া করের সেই ১০ কোটি টাকা ফেরত দেবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআরের এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এনবিআর বলছে, ভূতাপেক্ষ কর কখনো ফেরত দেওয়া হয় না। আর করের দায় স্বীকার করেই গ্রামীণ ব্যাংক সমপরিমাণ কর দিয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটি সব ধরনের কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে। গ্রামীণ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন বছর পর পর এই মেয়াদ নবায়ন করা হয়। কিন্তু ২০১১ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কর অব্যাহতি পায়নি গ্রামীণ ব্যাংক। প্রতিষ্ঠানটির কর অব্যাহতির আবেদনের ওপর এনবিআর সিদ্ধান্ত না নেওয়ায় করের আওতায় পড়ে যায়। তখন গ্রামীণ ব্যাংক ১০ কোটি টাকার অগ্রিম কর দিয়েছিল। পরবর্তীকালে এনবিআর ২০১১ সালের জুলাই থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রতিষ্ঠানটিকে কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই অবস্থায় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক গত ১২ মে ওই ছয় মাসের কর অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন। কিন্তু এনবিআর তাতে সাড়া দেয়নি, বরং গ্রামীণ ব্যাংকের করের অর্থ ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে এনবিআর এই সিদ্ধান্তের কথা অর্থ মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে। এনবিআরে পাঠানো গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের চিঠিতে কর অব্যাহতির ধারাবাহিকতা না থাকায় শেয়ারধারীর হিসাব কষতে জটিলতা হবে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, উল্লিখিত ছয় মাসের (২০১১ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন) কর অব্যাহতি না থাকায় গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ সদস্যের প্রায় সবার একাধিক ঋণ ও আমানতের ওপর পৃথকভাবে হিসাব করে অর্ধবার্ষিকী সমাপনী প্রতিবেদন তৈরি করতে হবে। পেছনের সময়ে গিয়ে সেই ছয় মাসের সমাপনী প্রতিবেদন তৈরি করা ব্যাংকের পক্ষে সময়সাপেক্ষ ও কষ্টকর হবে। এনবিআরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শুধু জাতীয় সংসদ কর্তৃক আলোচ্য সময়ে (২০১১ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত) জন্য কর অব্যাহতির অনুমোদন দেওয়া হলেই কেবল সেই করের টাকা ফেরত দেওয়া সম্ভব।