গ্রামীণ ব্যাংককে নিয়ন্ত্রক সংস্থার আওতায় নিয়ে আসা হবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

গ্রামীণ ব্যাংককে কোনো না কোনো নিয়ন্ত্রক সংস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক এখনো কোনো নিয়ন্ত্রক সংস্থার আওতায় নেই। প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ ব্যাংক বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) আওতায় আনা হবে।’
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
গ্রামীণ ব্যাংক কমিশন অর্থমন্ত্রীর কাছে পরামর্শের জন্য এসেছিল জানিয়ে তিনি বলেন, ‘আমি তাদের বলেছি, সরকারের লোক হিসেবে আমি তো পরামর্শ দিতে পারি না। আমি শুধু সিদ্ধান্ত নেব।’ 
গ্রামীণ ব্যাংক বিষয়ে আগামী ২ জুলাই অনুষ্ঠেয় কর্মশালা হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই কর্মশালা হবে। আমি কমিশনকে বলেছি, তোমরা কর্মশালা করতে চাও করো, সেটা তোমাদের বিষয়। সেখানে ইউনূস সাহেবকেও আমন্ত্রণ জানানো হয়। বলা হয়, এটা কমিশনের প্রস্তাব। কিন্তু এটা নিয়ে ড. ইউনূসের সংবাদ সম্মেলন করার কোনো প্রয়োজন ছিল না। তিনি আসলে রাজনীতিবিদ। তাই এসব করছেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ছাড়াও গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রক কাঠামোর বিষয়ে সুপারিশ করার জন্য কমিশনের কার্যপত্র তৈরি করা হয়। কমিশন গ্রামীণ ব্যাংকের বর্তমান অবস্থার ওপর প্রতিবেদন তৈরি করেছে, যা নিয়ে আমরা কাজ করছি।’ 

কমিশন গ্রামীণ ব্যাংকের ৫১ শতাংশ শেয়ার সরকারের কাছে হস্তান্তরের সুপারিশ করেছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, কমিশন এটা বলছে না। অবশ্য চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তখন দেখা যাবে।’  

গ্রামীণ ব্যাংকের ব্যাপারে কথা বলার সময় গ্রামীণফোনের প্রসঙ্গও টেনে আনেন অর্থমন্ত্রী। তিনি বলেন, গ্রামীণফোনের শেয়ার ফিরিয়ে আনার উপায় খুঁজছে কমিশন।

বিষয়টিকে ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণফোনে মালিকানা ছিল গ্রামীণ টেলিকমের। গ্রামীণ টেলিকম একটি অলাভজনক প্রতিষ্ঠান। ড. ইউনূস এটা গড়ে তোলেন। চুক্তি ছিল গ্রামীণ টেলিকমের ৫১ শতাংশ শেয়ারে জাতীয় অংশীদারি থাকবে। কিন্তু গ্রামীণ টেলিকম থেকে শেয়ার নিয়েছে টেলিনর।’

সরাসরি উল্লেখ না করে অর্থমন্ত্রী বলেন, ‘এখন তো ৫১ শতাংশ শেয়ার পাওয়াও যাবে না। কারণ, এরই মধ্যে ১০ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছেড়ে দিয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোন থেকে সরকার কত শেয়ার পাবে, তা এখন নির্ধারণ করবে কমিশন। কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

অর্থমন্ত্রী আরও বলেন, গ্রামীণফোন যে শেয়ার কিনেছে, তা বাংলাদেশি কোম্পানির শেয়ার। যদিও গ্রামীণফোন দাবি করছে যে তারা নিয়মকানুন মেনেই এ শেয়ার কিনেছে।

থ্রি-জিসহ টেলিযোগাযোগ খাত: অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের আগে সচিবালয়ে টেলিযোগাযোগ খাতের কিছু বিষয় নিয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, অর্থসচিব ফজলে কবীর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, টেলিযোগাযোগ সচিব আবুবকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

এ বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘মোবাইল প্রযুক্তিতে আমরা পেছনে পড়ে রয়েছি। অন্য দেশ ফোর-জি নিয়ে চিন্তা করছে। কিছু ঝামেলার কারণে আমরা থ্রি-জি সম্পন্ন করতে পারিনি। বৈঠকের উদ্দেশ্য হলো এ ব্যাপারে আমাদের প্রস্তুতি।’ 

অর্থমন্ত্রী জানান, ৩০ জুন বাজেট পাস হবে। মোবাইল অপারেটরদের কাছ থেকে নানা ধরনের কর নেওয়া হলেও কয়েকটি বিষয় অনিষ্পন্ন রয়ে গেছে। থ্রি-জি লাইসেন্স ফি, সিমের ওপর কর এবং মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবি রয়েছে অপারেটরদের—এসব কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সিমের ওপর কর ইতিমধ্যেই কমিয়ে দেওয়া হয়েছে।

টু-জি লাইসেন্সের মূসক নিয়ে সরকারের বিরুদ্ধে অপারেটরদের মামলা নিষ্পন্নের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায়ে এনবিআরের সঙ্গে যোগাযোগ করে নিষ্পন্ন করতে বলা হয়েছে। তবে রবির একটি মামলা রয়েছে, সেটা চলবে।

বৈঠক শেষে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, বৈঠকে কিছু ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে এবং যথাসময়েই থ্রি-জির নিলাম অনুষ্ঠিত হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মোবাইল অপারেটর সংশ্লিষ্ট মামলাগুলোকে একটি আদালতে এনে স্বল্পতম সময়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।