গ্রামীণ ব্যাংককে 'মানুষ' করা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংককে সরকার ‘মানুষ’ করতে চায়। সরকার আরও চায়, ব্যাংক খাতের মূলধারায় ফিরে আসুক গ্রামীণ ব্যাংক। এ জন্য কাজও শুরু করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মচারীদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমানের নেতৃত্বে কর্মচারীরা মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান। অর্থমন্ত্রী পরে নতুন বছর উদ্যাপন উপলক্ষে দুটি কেক কাটেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বহু দিন আমরা কিছু করিনি। এখন ঠিক করেছি, এটাকে (গ্রামীণ ব্যাংক) এভাবে ছেড়ে দেওয়া যায় না। এটাকে মানুষ করা দরকার।’
গ্রামীণ ব্যাংককে পুনরুজ্জীবিত করা উচিত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ইউনূস সাহেবের প্রতিবন্ধকতামূলক কাজকর্ম থাকা সত্ত্বেও আমরা গ্রামীণ ব্যাংক নিয়ে ভাবছি। চিন্তা করছি গ্রামীণ ব্যাংকের জন্য কীভাবে ভালো রোল সৃষ্টি করা যায়।’
গ্রামীণ ব্যাংকের ভালোর জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে শামসুল বারী নামের একজন অধ্যাপক রাজি হয়েছেন এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার সময় তিনি এই ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্য শতভাগ সফল। একটি উদ্দেশ্য হচ্ছে গরিবদের ঋণ দেওয়া, অন্যটি তাদের মধ্যে ঋণ ফেরত দেওয়ার অভ্যাস গড়ে তোলা। আমরা দেখতে পাচ্ছি, এখন মানুষ ঋণ নেয় এবং তা ফেরতও দেয়।’
ঋণ নেওয়ার পর গ্রাহকদের কাছ থেকে তা ‘সাপ্তাহিক কিস্তি’ পদ্ধতিতে আদায় বন্ধ হওয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, একসময় গ্রামীণ ব্যাংকের খেলাপি ঋণের হার ৪০ শতাংশ থাকলেও এখন তা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এই হার আরও কমা দরকার।
নতুন বছর নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আশা করছি, গত বছরের মতো ২০১৭ সালও ভালো যাবে। অর্থনৈতিক উন্নয়নে জটিল কিছু দেখছি না। তবে নতুন বছরে চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি।’
ঘটা করে নতুন বছর উদ্যাপন করতে না পারাকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন অর্থমন্ত্রী।