গ্রামীণ ব্যাংকে রাজনীতি ঢোকার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের প্রস্তাবিত বিধিমালা বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটিতে রাজনীতি ঢুকে পড়বে। আর রাজনীতির হানাহানির মধ্যে ব্যাংকটি ধ্বংস হয়ে যাবে।

গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের এক প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই দিনে গ্রামীণ ব্যাংকের পরিচালকদের পক্ষ থেকে আয়োজন করা সংবাদ সম্মেলনে একই অভিযোগের পুনরাবৃত্তি করা হয়। পরিচালকদের পক্ষে তাহসিনা খাতুন অভিযোগ করেন, অন্য সরকারি ব্যাংকগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে এগোচ্ছে। গ্রামীণ ব্যাংককে সরকারীকরণ করলে এর পরিণতিও অন্য সরকারি ব্যাংকগুলোর মতো হবে।

সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম শাহজাহান বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ৩০ থেকে ৪০ হাজার সদস্য ভোটার হবেন। সেখানে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মতো রাজনৈতিক দলের ব্যানারে প্যানেল দেওয়ার সুযোগ থাকবে। এক প্যানেল হারলে অন্য প্যানেল অসহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে পারে। এ হানাহানির মধ্যে গ্রামীণ ব্যাংক স্বকীয়তা নিয়ে টিকে থাকতে পারবে না।

শাহজাহান আরও বলেন, গ্রামীণ ব্যাংককে সঠিকভাবে পরিচালনায় সরকারের সদিচ্ছা থাকলেও ব্যাংকের ভেতরে রাজনীতি ঢুকে পড়লে ক্ষতি হবে। এটাই ভীতির কারণ। তাঁর মতে, নতুন নির্বাচন বিধিমালা বাস্তবায়ন করলে গ্রামীণ ব্যাংক বড় ঝুঁকিতে পড়বে। নির্বাচনী বিধি পরিবর্তনের সিদ্ধান্ত হবে আত্মঘাতী।

গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে গ্রামীণ ব্যাংকে ১৪ হাজার কোটি টাকার আমানত রয়েছে। আর সাড়ে আট হাজার কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক যেভাবে চলছে, সেভাবেই চলতে দেওয়া উচিত। গত আড়াই বছরে বিরূপ পরিবেশের পরও গ্রামীণ ব্যাংক টিকে আছে। ড. মুহাম্মদ ইউনূস চলে যাওয়ার পরও ব্যাংকের কর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩-এর পরিবর্তে ‘গ্রামীণ ব্যাংক আইন ২০১৩’ জারি করার নামে সরকার গ্রামীণ ব্যাংককে রাজনৈতিকীকরণ করার অপকৌশল গ্রহণ করছে বলে অভিযোগ করেছেন ব্যাংকের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শামসুল আলম। অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ছিল একটি রাজনীতিমুক্ত, স্বচ্ছ এবং স্বশাসিত প্রতিষ্ঠান। নতুন পদ্ধতিতে গ্রামীণ ব্যাংকের কর্মীদের তত্ত্বাবধানে নির্বাচন না হয়ে সরকার কর্তৃক নিযুক্ত নির্বাচন কমিশনার এবং নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালকের নির্বাচন হবে। যখনই গ্রামীণ ব্যাংকের বাইরের কাউকে দিয়ে এ নির্বাচন হবে, তখনই নির্বাচন-প্রক্রিয়ায় রাজনীতি ঢুকে যাবে। ফলে যে সুশৃঙ্খল কাঠামোর ওপর ভিত্তি করে গ্রামীণ ব্যাংক পরিচালিত হতো, সে কাঠামো ভেঙে পড়বে, গ্রামীণ ব্যাংক ধ্বংসের দিকে ধাবিত হবে।

শামসুল আলম জানান, আগামী ৩ নভেম্বর গ্রামীণ ব্যাংকের সব আঞ্চলিক ও এলাকাভিত্তিক কার্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে কর্মচারী সমিতি।

কর্মচারীদের অনুষ্ঠানের পর গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তাহসিনা খাতুন বলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর পরিবর্তে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ জারি করার নামে বর্তমান সরকার গ্রামীণ ব্যাংকের মালিক ৮৪ লাখ দরিদ্র নারীকে ক্ষমতাহীন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সরকার নতুন বিধিমালা অনুমোদন দিয়ে কার্যকর করলে কী করবেন—সাংবাদিকেরা এ প্রশ্ন তুললে তাহসিনা খাতুন বলেন, ‘আমরা এখন পর্যন্ত সরকারকে এ আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করছি।  তার পরও সরকার যদি আমাদের দাবি না মানে, তা হলে সারা দেশ থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যরা হাজির হবে।’

সংবাদ সম্মেলন ও সমাবেশে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।