গ্রামীণ ব্যাংকে সরকারের মূলধন বাড়াতে টাকাপ্রদান
গ্রামীণ ব্যাংকের পরিশোধিত মূলধন বাড়াতে ১৩ কোটি ২০ লাখ টাকা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ ছাড়া চারটি রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানকে ২৭৩ কোটি ৮০ লাখ টাকা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একই মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে গত বুধবার চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে।
অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) এবং সোনালী ব্যাংক (যুক্তরাজ্য) লিমিটেড।
গ্রামীণ ব্যাংক: প্রতিষ্ঠাকালীন গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার ছিল ৬০ শতাংশ, আর গ্রামীণ ব্যাংকের সাধারণ সদস্যদের শেয়ার ছিল ৪০ শতাংশ। কিন্তু ১৯৮৬ সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী আনা হয়। তখন গ্রামীণ ব্যাংকের সদস্যদের শেয়ার বাড়িয়ে ৭৫ শতাংশ এবং সরকারের শেয়ার কমিয়ে করা হয় ২৫ শতাংশ।
বর্তমানে গ্রামীণ ব্যাংকের পরিশোধিত মূলধন ৬০ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টিকে ব্যাখ্যা করেন এভাবে: ২৫ শতাংশ শেয়ারধারী থাকলেও এত দিন সরকার টাকা দিয়ে নিজের শেয়ার গ্রহণ করেনি। এযাবৎ সরকার দিয়েছে এক কোটি ৮০ লাখ টাকা, যা মোট শেয়ারের ৩ দশমিক ২৯ শতাংশ। তবে বুধবার ১৩ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের মাধ্যমে ২৫ শতাংশ পূরণের উদ্যোগ নেওয়া হলো। সে হিসাবে নতুন করে শেয়ারের পরিমাণ বাড়ানো হয়নি।
তবে গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে, এই বরাদ্দের মাধ্যমেও ২৫ শতাংশ শেয়ারের মালিকানা সরকারের হাতে যাবে না। কারণ, পরিশোধিত মূলধন ১৩ কোটি ২০ লাখ টাকা বাড়ানোর কারণে মোট পরিশোধিত মূলধন দাঁড়াবে ৭৩ কোটি ২০ লাখ টাকা। এর ২৫ শতাংশ হিসাবে সরকারকে দিতে হবে ১৮ কোটি ২০ লাখ টাকা।
প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংক কমিশনের এক সুপারিশে ব্যাংকটিতে সরকারের শেয়ার ৫১ শতাংশে উন্নীত করার কথা বলা হয়েছে।
অন্যান্য: প্রভিশন ঘাটতিসহ অন্যান্য কারণে বিকেবির জন্য ১১৯ কোটি ৪৯ লাখ টাকা এবং রাকাবের জন্য ১০৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহনির্মাণে ঋণ দেওয়ার সক্ষমতা বাড়াতে বিএইচবিএফসিকে দেওয়া হয়েছে ৪০ কোটি টাকা। এ ছাড়া সোনালী ব্যাংক (যুক্তরাজ্য) লিমিটেডকে দেওয়া হয়েছে ছয় কোটি ১০ লাখ টাকা।
বিকেবির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘প্রভিশন ঘাটতিসহ অনেক বিষয়েই আমরা টাকা চেয়েছিলাম। এর মধ্যে অর্থ বিভাগ কোন উদ্দেশ্যে কত টাকা বরাদ্দ দিয়েছে, ঠিক বলতে পারছি না।’
এদিকে বিএইচবিএফসি সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ৩ শতাংশ সুদে সরকারের কাছ থেকে ৩০০ কোটি টাকা পাওয়ার কথা ছিল প্রতিষ্ঠানটির। এর মধ্যে ৬৭ কোটি ৫০ লাখ টাকা প্রতিষ্ঠানটি এখনো পায়নি। সেই টাকা থেকেই ৪০ কোটি টাকা পেল। বাকি রইল আরও ২৭ কোটি ৫০ লাখ টাকা।