গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন বিধিমালা সংশোধন হবে: মুহিত
গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচন করতে গত এপ্রিলে যে বিধিমালা প্রণয়ন করেছিল সরকার, পাঁচ মাসের মাথায় তা সংশোধনের দরকার হয়ে পড়ল।
গ্রামীণ ব্যাংক (পরিচালক নির্বাচন) বিধিমালায় বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংকের পর্ষদ সদস্যদের নির্বাচন করে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে, তারা তা পালন করবে না। সরকারও তা মেনে নিয়েছে।
তাহলে কে করবে গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের এই কাজ? গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হবে আগামী বছরের মার্চে। তার আগেই কি নির্বাচন হবে? নাকি নির্বাচনের ক্ষেত্রে শেষ পর্যন্ত আগের নিয়মকানুনই বহাল থাকবে?
গতকাল মঙ্গলবার পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এসব প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি। বিভাগের সচিব এম. আসলাম আলম সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন। ৮ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা।
১৯৮৩ সালে গঠিত গ্রামীণ ব্যাংকের বর্তমান গ্রাহক ৮৪ লাখের বেশি। বিশাল এই প্রতিষ্ঠানের পরিচালক নির্বাচন করে দেওয়ার দায়িত্ব যে বাংলাদেশ ব্যাংক নিতে পারে না, বিধিমালা প্রণয়নের সময় সে বিষয়টি কারও মাথায় আসেনি। আবার অর্থমন্ত্রীর সম্মতি ছাড়া তাঁর মন্ত্রণালয়ের কোনো বিধিমালাই প্রণীত হয় না।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সচিবালয়ে সাংবাদিকদের জানান, গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন নিয়ে নতুনভাবে চিন্তা করা হচ্ছে। এ জন্য বিদ্যমান বিধিমালা পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকের পর গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের পর্ষদ নির্বাচন নিয়ে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীকে সাংবাদিকেরা এ বিষয়ে প্রশ্ন করেন।
অর্থমন্ত্রী গতকাল সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংক বলেছে, তারা গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের কাজটি করে দিলে স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) হয়। সত্য কথাই বলেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক তা পারেও না।’
বিধিমালা সংশোধন করা হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, ওইটা করতে হবে। একটা ব্যবস্থা করব। যখন করব, তখনই জানতে পারবেন। কাজ চলছে।’
দুই থেকে তিন দিনের মধ্যেই বিধিমালা সংশোধনের খসড়া চূড়ান্ত হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিধিমালায় যেখানে বাংলাদেশ ব্যাংক আছে, সেই জায়গাটা পরিবর্তন করতে হবে। পরিবর্তে রাষ্ট্র মালিকানাধীন কোনো ব্যাংক বা অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া হতে পারে।’
বিধিমালা প্রণয়নের পর এক বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছিল, তিন দশক ধরে শান্তিপূর্ণভাবে পরিচালক নির্বাচন হয়ে আসছে। সদস্য বা অন্য কোনো মহল থেকে এ ব্যাপারে কখনোই কোনো অভিযোগ ওঠেনি। এই পদ্ধতিতে গঠিত পর্ষদের মাধ্যমেই দেশের জন্য নোবেল পুরস্কারসহ অসংখ্য সম্মান বয়ে এনেছে গ্রামীণ ব্যাংক। অথচ বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন পর্ষদ গঠনের মাধ্যমে গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে সরকার।
বিবৃতিতে তখন আরও বলা হয়, জাতীয় সংসদ বা উপজেলা নির্বাচনের আদলে গ্রামীণ ব্যাংকের আড়াই হাজার শাখার ৮৪ লাখ সদস্যের ভোটে একযোগে নির্বাচন অনুষ্ঠান করতে গেলে যে কী হাঙ্গামার সৃষ্টি হবে, তা বুঝতে কারও কষ্ট হওয়ার কথা নয়।
নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক যে গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের কাজটি করে দিতে চাচ্ছে না এবং আপনারাও তা মেনে নিয়েছেন, বিধিমালা প্রণয়নের সময় তা জানা ছিল না—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে আবদুল মুহিত বলেন, ‘হয়তো তারা দেখেনি। তাই ভুল হয়েছে। বোধ হয় তাদের মতামত নেওয়া হয়নি।’
গ্রামীণ ব্যাংকের পরিচালক তাহসিনা খাতুন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন করে দিতে বাংলাদেশ ব্যাংকই যেখানে অপারগতা দেখিয়েছে, সেখানে অন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থাকে একই দায়িত্ব দেওয়ার অর্থ হবে সেই প্রতিষ্ঠান বা সংস্থাকে খামাকা হয়রানি করা।
তাহসিনা বলেন, ‘আমরা আগেও বলেছি এখনো বলছি, গ্রামীণ ব্যাংকের কাজ গ্রামীণ ব্যাংককেই করতে দেওয়া উচিত। বিকল্প কিছু করতে চাইলে শুধু শুধু জটিলতা বাড়বে।’