জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নতুন করে গ্রামীণ ব্যাংক আইন পাস করা হলেও এই আইনের বলে পরিচালক নির্বাচনের নতুন বিধি আর তৈরি হচ্ছে না। বিধি তৈরি করবে নতুন সরকার।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চাইলে গ্রামীণ ব্যাংক আইনের বলে বিধি করা যায়। কিন্তু সরকারের অগ্রাধিকার তালিকায় এটি নেই। আইন যেহেতু হয়ে গেছে, বিধি প্রণয়ন এখন সময়ের ব্যাপার।
আইন পাস হওয়ার পর গত মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেছিলেন, ‘গ্রামীণ ব্যাংকের নতুন আইন হয়েছে। এখন বিধি তৈরি করা হবে।’ বিধি তৈরির সময়সীমা নিয়ে কখনোই কথা বলেননি অর্থমন্ত্রী।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), পরিচালক নিয়োগসহ সার্বিক বিষয়ে বিধি তৈরির একটি খসড়া ভেটিংয়ের (পরীক্ষা-নিরীক্ষা) জন্য তিন সপ্তাহ আগে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, খসড়াটি খুব বড় নয়। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তাদের কাজ করতে হচ্ছে বলে এর ভেটিং দেরি হচ্ছে।
যোগাযোগ করলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম গতকাল শনিবার বলেন, ‘নির্বাচনকালীন সরকারের আমলে গ্রামীণ ব্যাংকের বিধি তৈরি হতে কোনো বাধা নেই। আমরা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হওয়ার অপেক্ষা করছি।’
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি মো. শাহজাহান এই প্রতিবেদককে বলেন, ‘সরকার যেভাবে বিধি তৈরি করতে যাচ্ছে, তাতে বিধি নিজেই গ্রামীণ ব্যাংককে নষ্ট করে দেবে।’ সরকারের আন্তরিকতা থাকলেও ব্যাংকটি ভালোভাবে চালানো তখন কঠিন হয়ে পড়বে বলে তাঁর আশঙ্কা।
৫ নভেম্বর গ্রামীণ ব্যাংক আইন পাস হয়েছে সংসদে। আগে গ্রামীণ ব্যাংক নিজেই পরিচালনা পর্ষদের সদস্য নিয়োগ করতে পারত।
আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী, ১২ সদস্যের গ্রামীণ ব্যাংকের পর্ষদে তিনজনকে পরিচালক নিয়োগ দেবে সরকার। ঋণগ্রহীতা শেয়ারধারীদের থেকে নির্বাচিত হবেন বাকি নয়জন। এই ঋণগ্রহীতা শেয়ারধারীদের থেকে পরিচালক নির্বাচনের পুরো কাজটি করবে সরকার।
আইনে বলা আছে, গ্রামীণ ব্যাংকের এমডিও নিয়োগ করবে সরকার নিয়োজিত পর্ষদ। তার আগে একটি বাছাই কমিটি গঠন করা হবে। ওই কমিটি তিনজন প্রার্থীর একটি প্যানেল তৈরি করবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনক্রমে নির্বাচিত হবেন এমডি।
গ্রামীণ ব্যাংকের এমডি মো. শাহজাহান বলেন, অন্যান্য নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামীর কর্মীরা যেভাবে ভোট দেন, সেভাবে ভোট হবে গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনে। এখানে এক দল হারবে, আরেক দল জিতবে। গ্রামীণ ব্যাংকের দর্শন ও চরিত্রের সঙ্গে তা অসংগতিপূর্ণ।
ড. মুহাম্মদ ইউনূস সরে যাওয়ার পর দুই বছরেও গ্রামীণ ব্যাংকে এমডি নিয়োগ দিতে পারেনি সরকার। গত জুলাইয়ে সরকারের নিয়োগ করা চেয়ারম্যানও পদত্যাগ করেন। ব্যাংকটি এখন চলছে চেয়ারম্যান ও নিয়মিত এমডি ছাড়াই।