গ্রামীণ ব্যাংকের সঙ্গে কাজ করেছেন রানি ম্যাক্সিমা
নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা থরেইগিতা সেরুতি একসময় গ্রামীণ ব্যাংকের সঙ্গেও কাজ করেছেন। ক্ষুদ্রঋণের ওপর তাঁর অগাধ জ্ঞান। রানির একটি বার্তা রয়েছে। আর, তা হচ্ছে ক্ষুদ্রঋণ গ্রাহকদের জন্য তিনি কী করতে পারেন।
সচিবালয়ে গতকাল বুধবার রানি ম্যাক্সিমার সঙ্গে অনুষ্ঠিত একান্ত বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
ডাচ-রানি ক্ষুদ্রঋণের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন বলে জানান মুহিত। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তিনি ঢাকায় এসেছেন। এর আগে গ্রামীণ ব্যাংকের সঙ্গেও কাজ করেছেন তিনি। ক্ষুদ্রঋণের ওপর তাঁর অগাধ জ্ঞান।
ব্যাংক লেনদেন করার জন্য যথেষ্ট জ্ঞান ক্ষুদ্রঋণগ্রহীতাদের নেই বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ক্ষুদ্রঋণগ্রহীতাদের তাই এ বিষয়ক জ্ঞান দেওয়ার তাগিদ অনুভব করেন তিনি।
দেশের ৪০ শতাংশ মানুষ ব্যাংকিং সেবার আওতায় এসেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এটা ভালো হার। অবশ্য ব্যাংকের পাশাপাশি ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই এ অর্জন সম্ভব হয়েছে।
সাংবাদিকদের মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকসহ অধিকাংশ ব্যাণিজ্যিক ব্যাংকই ডিজিটাল। তবে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো এখনো ডিজিটাল হয়নি। রাষ্ট্র খাতের ব্যাংকগুলো ডিজিটাল হওয়ার জন্য অপেক্ষা করছেন বলে জানান অর্থমন্ত্রী।