গ্রামীণ শক্তি ১০ লাখ সৌরবিদ্যুৎ পদ্ধতি স্থাপন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ শক্তি গত নভেম্বর পর্যন্ত দেশের প্রত্যন্ত এলাকায় ১০ লাখ সৌরবিদ্যুৎ পদ্ধতি (সিস্টেম) স্থাপন করেছে এবং আগামী চার বছরে আরও ১০ লাখ স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে।প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৮০ লাখ মানুষ গ্রামীণ শক্তির সৌরবিদ্যুৎ ব্যবহার করছে। এর ফলে গৃহস্থালির কাজ ও শিক্ষার্থীদের লেখাপড়ায় যেমন সুবিধা হয়েছে তেমনি মোবাইল ফোন কেন্দ্র, ইলেকট্রনিক যন্ত্র মেরামতের দোকান, কৃষি-মৎস্য ও পশুখামার, মসজিদ, হাসপাতাল, মুদিদোকান, ফার্মেসি বা ওষুধের দোকান, দর্জির দোকান, সেলুন অধিক রাত পর্যন্ত খোলা রাখা সম্ভব হচ্ছে। সেই সঙ্গে গড়ে উঠছে ব্যাটারি, কেব্ল ও সৌরবিদ্যুৎসংক্রান্ত সরঞ্জামের দোকান বা কারখানা।এ ছাড়া মহিলা প্রকৌশলী ও যন্ত্রকারিগর দরিদ্র মহিলাদের সৌরবিদ্যুৎ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্যোগে ১৯৯৬ সালে গ্রামীণ শক্তি প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতাদের সহায়তায় পরিচালিত সরকারি প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) আর্থিক সহায়তায় গ্রামীণ শক্তি দেশের প্রত্যন্ত এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে।