গ্রামীণফোনকে অর্থমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকসংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে যাওয়ার মাইলফলক অর্জন করায় গ্রামীণফোনকে অভিনন্দন জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বললেন, ‘১৬ কোটি জনগোষ্ঠীর দেশে ১১ কোটি মোবাইল গ্রাহক, তার মধ্যে গ্রামীণফোনেরই পাঁচ কোটি। এটা নিঃসন্দেহে একটা ভালো খবর।’ ‘পাঁচ কোটি গ্রাহক পূর্তি’ উপলক্ষে সচিবালয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান গ্রামীণফোনের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা। এ সময় অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত কেক কাটা উৎসবে অর্থমন্ত্রী এমন সব মন্তব্য করেন। গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, পরিচালক ইশতিয়াক হোসেন চৌধুরী ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের উপদেষ্টা মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা জানান, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে পাঁচ কোটি ইন্টারনেট গ্রাহক করার চ্যালেঞ্জ নিয়ে গ্রামীণফোন কাজ করছে বলে জানান তিনি। গ্রামীণফোন সূত্র জানায়, গত সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির ইন্টারনেট গ্রাহক এক কোটি ৪০ লাখ। আর মোবাইল ফোন গ্রাহক পাঁচ কোটি ২৯ লাখ।