গ্রামীণফোনের আবেদন নাকচ করল বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ কোটি টাকা জরিমানা এড়াতে গ্রামীণফোনের করা আবেদন নাকচ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থার সর্বশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার জন্য গ্রামীণফোনকে ওই জরিমানা করা হয়েছিল। প্রতিষ্ঠানটিকে জরিমানা পরিশোধে ১০ দিন সময় বেঁধে দিয়ে গত ৬ নভেম্বর বিটিআরসি একটি চিঠি দেয়।

জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়ে গত বছরের ১৫ নভেম্বর চিঠি দেয় গ্রামীণফোন। ওই চিঠিতে বলা হয়, টেলিযোগাযোগ আইন অনুযায়ী গো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে গ্রামীণফোন কোনো ধরনের আইন লঙ্ঘন করেনি। যেহেতু আইন লঙ্ঘন হয়নি, তাই ৩০ কোটি টাকা জরিমানা পরিশোধ করা থেকে অব্যাহতি চাওয়া হয় চিঠিতে।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, জরিমানা দেওয়া থেকে অব্যাহতি চেয়ে গ্রামীণফোনের আবেদনে যেসব কারণ দেখানো হয়েছে, সেগুলো কমিশনের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাই আবেদনটি নাকচ করা হয়েছে। জরিমানা আদায়ে কমিশন এখন আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।

সেবাটিকে অবৈধ ঘোষণার কারণ হিসেবে বিটিআরসির ব্যাখ্যায় বলা হয়, আইন অনুযায়ী কোনো মুঠোফোন অপারেটর সরাসরি তাদের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটের সর্বশেষ পর্যায়ের সংযোগ বা লাস্ট মাইল কানেকটিভিটি সেবা দিতে পারে না।  ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস ও এডিএন টেলিকমের সঙ্গে যৌথভাবে এই ইন্টারনেট সেবা চালু করে গ্রামীণফোন।

গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হোসাইন সাদাত বলেন, এ বিষয়ে বিটিআরসি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।