গ্রামীণফোনের গ্রাহক এখন ৪ কোটি ৯২ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোনের সিইও বিবেক সুদ
গ্রামীণফোনের সিইও বিবেক সুদ

দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা এখন চার কোটি ৯২ লাখ। এপ্রিল-জুন—এই তিন মাসেই নতুন করে প্রতিষ্ঠানটির গ্রাহক হয়েছেন দেশের ছয় লাখ মানুষ।
গ্রামীণফোন বলছে, দেশে যত মুঠোফোন গ্রাহক আছেন, তার ৪২ দশমিক ১ শতাংশই প্রতিষ্ঠানটির গ্রাহক।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে গ্রামীণফোন। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদন প্রকাশ করেছে গ্রামীণফোন।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ সিম প্রতিস্থাপনের বাড়তি ১০০ টাকা প্রত্যাহার করতে সরকারের কাছে আহ্বান জানান।
অনুষ্ঠানে গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তা মাইনুর রহমান ভুঁইয়া প্রতিষ্ঠানটির আর্থিক বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের এই প্রান্তিকে গ্রামীণফোনের আয় হয়েছে দুই হাজার ৬২০ কোটি টাকা। গত বছরের একই সময়ের চেয়ে তা বেড়েছে সাড়ে ৯ শতাংশ। আর ২০১৪ সালের প্রথম ছয় মাসে গ্রামীণফোন আয় করেছে পাঁচ হাজার ১১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৮ শতাংশ বেশি। আয়কর দেওয়ার পর প্রতিষ্ঠানটির প্রথমার্ধের নিট মুনাফা দাঁড়িয়েছে ২০ শতাংশ মার্জিনসহ এক হাজার ৬০ কোটি টাকা। ২০১৩ সালের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৫১০ কোটি টাকা।
অন্যদিকে এ বছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে সাত টাকা ৮৫ পয়সা। গত বছরে একই সময়ে এটি ছিল তিন টাকা ৭৮ পয়সা।