গ্রামীণফোনের নতুন সিটিও মেদহাত

মিসরের নাগরিক মেদহাত এল হোসাইনীকে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন। আজ সোমবার গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিযোগাযোগ খাতে মেদহাতের ২০ বছরের বেশি অভিজ্ঞতা আছে। বিভিন্ন বহুজাতিক কোম্পানির ঊর্ধ্বতন পদে কাজ করেছেন তিনি।
গ্রামীণফোনে যোগ দেয়ার আগে মেদহাত ওরাসকম টেলিকম আলজেরিয়াতে সিটিও হিসেবে কাজ করেছেন। সে সময় তিনি ভিম্পেলকম গ্রুপ লিডারশিপ টিমের সদস্য ছিলেন। তিনি অপারেশন ম্যানেজমেন্ট, করপোরেট স্ট্র্যাটেজি, নেটওয়ার্ক ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ে অভিজ্ঞ। এ ছাড়াও তিনি মিসরের ওরাসকম টেলিকম হোল্ডিংস এবং লুসেন্ট টেকনোলজিসে কাজ করেছেন।
মেদহাত একজন প্রকৌশলী । তিনি মিসরের বেনহা বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি, নেদারল্যান্ডসের মাসট্রিক্ট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং যুক্তরাষ্ট্রের স্টিভেন্স ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকল্প ব্যবস্থাপনায় স্নাতোকত্তর সার্টিফিকেট অর্জন করেছেন।