বাংলাদেশ রেলওয়ের ১ হাজার ৬০০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেব্ল নেটওয়ার্কের অব্যবহৃত অংশ ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে দেশের সব মুঠোফোন অপারেটর। এ জন্য রেলওয়ে ও গ্রামীণফোনকে কেব্ল ব্যবহার-সংক্রান্ত চুক্তি সংশোধন করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ১৯৯৭ সাল থেকে এই অপটিক্যাল ফাইবার এককভাবে গ্রামীণফোন ব্যবহার করে আসছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, যে চুক্তির অধীনে গ্রামীণফোন রেলওয়ের ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করছে, সেটি সংশোধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন টেনওয়ার্ক বা এনটিটিএন অপারেটর হিসেবে রেলওয়ে নিজস্ব মালিকানাধীন অপটিক্যাল ফাইবার ইজারা দিতে পারে। তবে এ ক্ষেত্রে যেন আইনের লঙ্ঘন না হয়, সেটি নিশ্চিত করতেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জন্য অপটিক্যাল ফাইবার ইজারা চেয়ে রেলওয়েকে গত নভেম্বরে একটি চিঠি দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। চিঠিতে বলা হয়েছে, রেলওয়ের অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছানো সহজ হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠির পরই মূলত অন্য অপারেটরদের জন্য রেলওয়ের অপটিক্যাল ফাইবার ইজারা দেওয়ার বিষয়টি আলোচনায় আসে।
বিভিন্ন স্টেশনের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ রেলওয়ের বর্তমানে মোট ২ হাজার ১০৫ কিলোমিটার দৈর্ঘ্যের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক রয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০০ কিলোমিটার নেটওয়ার্ক এককভাবে রেলওয়ের কাছ থেকে ইজারা নিয়ে ব্যবহার করে আসছে গ্রামীণফোন। ১৯৯৭ সালে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গ্রামীণফোনকে এ ইজারা দেয় রেলওয়ে। রেলওয়ের আরও ৪০০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ইজারা দিতে সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়েছে।
২০১৪ সালে এনটিটিএন অপারেটর হিসেবে বিটিআরসির লাইসেন্স পায় রেলওয়ে। এর বাইরে বিটিসিএল, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), সামিট কমিউনিকেশন ও ফাইবার অ্যাট হোমের এনটিটিএন লাইসেন্স রয়েছে।