গ্রামীণফোনের ১৬০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোনের ১৮তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান সিগভে ব্রেক্কেসহ (বাঁ থেকে ষষ্ঠ) পরিচালনা পর্ষদের সদস্যরা
গ্রামীণফোনের ১৮তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান সিগভে ব্রেক্কেসহ (বাঁ থেকে ষষ্ঠ) পরিচালনা পর্ষদের সদস্যরা

গ্রামীণফোন ২০১৪ সালের শেয়ারধারীদের জন্য শেয়ারপ্রতি ১৬ টাকা বা ১৬০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ২০১৪ সালে ৯৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রদান করা হয়, আর বাকি ৬৫ শতাংশ লভ্যাংশ নগদে দেওয়া হবে।
ঢাকার একটি কনভেনশন সেন্টারে গত মঙ্গলবার অনুষ্ঠিত গ্রামীণফোনের ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এতে কোম্পানির চেয়ারম্যান সিগভে ব্রেক্কে, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজিব শেঠি, পরিচালনা পর্ষদের সদস্যরা, কোম্পানি সচিব হোসেন সাদাত এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রামীণফোন শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটি হলো ষষ্ঠ এজিএম। কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
সভায় গ্রামীণফোনের চেয়ারম্যান প্রস্তাবিত স্পেকট্রাম বা তরঙ্গ নিলাম সম্পর্কে বলেন, ‘আমরা আশা করছি, আসন্ন ১৮০০ মেগাহার্জ স্পেকট্রাম নিলাম প্রযুক্তি নিরপেক্ষ হবে এবং নিলাম নীতিমালার যে শর্ত গ্রামীণফোনের অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে তা বাতিল করে আমাদের নিলামে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।’
সিগভে ব্রেক্কে আরও জানান, সিম প্রতিস্থাপন-সংক্রান্ত কর সমস্যার সমাধান ও জাতীয় টেলিযোগাযোগ নীতি নবায়ন না হওয়া এবং প্রযুক্তি নিরপেক্ষতা বজায় না থাকা এসব সমস্যার সমাধান না হলে গ্রামীণফোন তরঙ্গ নিলামে অংশ নেবে না।