গ্রামীণফোনের 'কাস্টমার ফার্স্ট ডে' উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাস্টমার ফার্স্ট ডে’ দিবস উপলক্ষে গতকাল রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গ্রামীণফোন এক অনুষ্ঠানের আয়োজন করে l ছবি: গ্রামীণফোনের সৌজন্যে
‘কাস্টমার ফার্স্ট ডে’ দিবস উপলক্ষে গতকাল রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গ্রামীণফোন এক অনুষ্ঠানের আয়োজন করে l ছবি: গ্রামীণফোনের সৌজন্যে

তরুণ প্রজন্মের ইন্টারনেট ব্যবহার নিরাপদ করার লক্ষ্য সামনে রেখে ‘কাস্টমার ফার্স্ট ডে’ দিবস পালন করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। এ জন্য গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ৭০০-এর বেশি শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হান্নান।
গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের নিরাপদে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন নিয়ম শেখানো হয়। এ ছাড়া দায়িত্বের সঙ্গে ইন্টারনেট ব্যবহার বিষয়ে শপথ করানো হয় শিক্ষার্থীদের। গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনরের কার্যক্রম রয়েছে এমন ১৩টি দেশে একযোগে গতকাল দিবসটি পালন করা হয়। বৈশ্বিকভাবে পালিত দিবসটির এ বছর প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ ইন্টারনেট অথবা ডিজিটাল বুলিং প্রতিরোধ’। অনলাইনে কুরুচিপূর্ণ বিষয়বস্তুর মাধ্যমে ব্যবহারকারীদের হয়রানি করাকে বলা হয় ডিজিটাল বুলিং।

দিবসটি পালনে গতকাল গ্রামীণফোনের কর্মীরা দেশব্যাপী নিরাপদ ইন্টারনেটের বার্তা পৌঁছে দিতে অনেক গ্রাহকের সঙ্গে দেখা করেন। কর্মীরা গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে কিছু নিয়ম ও অনুশীলন সম্পর্কে অবহিত করেন, যা তাঁদের সন্তানদের ইন্টারনেটে নিরাপদে থাকতে সাহায্য করবে। ইন্টারনেটে ব্যবহারের সময় গ্রাহকদের করণীয় সম্পর্কে লিফলেটও বিতরণ করা হয় এ সময়।

জুনাইদ আহমেদ বলেন, এ উদ্যোগ বাংলাদেশের মানুষকে নির্ভয়ে ইন্টারনেটের পূর্ণ সম্ভাবনা ব্যবহারে সহায়তা করবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, পরবর্তী পাঁচ বছরে এশিয়ায় তরুণেরাই হবে ডেটাকেন্দ্রিক টেলিযোগাযোগ খাতের মূল গ্রাহক। এ বাজারে প্রথমবারের মতো প্রায় ৫০ কোটি তরুণের কাছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি হবে এবং তারা অনলাইনে কীভাবে নিরাপদে থাকবে এ নিয়ে তাদের শিক্ষিত করে তোলাই টেলিনরের অন্যতম লক্ষ্য।