গ্রামীণফোন ও একটেল পরস্পরের অবকাঠামো ব্যবহার করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন ও একটেল পারস্পরিক অবকাঠামো ব্যবহারের বিষয়ে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করে একটেল প্রত্যন্ত অঞ্চলে তাদের নেটওয়ার্কের বিস্তৃতি ঘটাতে পারবে।রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেসজেডাল এবং একটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কোয়েনার ও একটেলের মূল মালিকানা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতশ্রী জামালউদ্দিন ইব্রাহিম উপস্থিত ছিলেন। ওডভার হেসজেডাল বলেন, এ চুক্তি বাংলাদেশের টেলিযোগাযোগের ইতিহাসে একটি নতুন মাইলফলক। এর মাধ্যমে সমগ্র বাংলাদেশকে ‘কাছে নিয়ে আসার’ প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব। এ চুক্তির আওতায় একটেল গ্রামীণফোনের অবকাঠামো ব্যবহার করে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে পারবে বলে তিনি উল্লেখ করেন। মাইকেল কোয়েনার বলেন, এ চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে। সেই সঙ্গে উভয় প্রতিষ্ঠানই নিজ সম্পদের সুষম ব্যবহার করতে পারবে।