যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের
গ্রামীণফোন ও ম্যারিকো ১০ মাস ধরে নিয়মিত বাজারের বাইরে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ও ম্যারিকো বাংলাদেশের শেয়ার ১০ মাসেরও বেশি সময় ধরে নিয়মিত বা স্বাভাবিক বাজারের বাইরে রয়েছে। কোম্পানি দুটির শেয়ার এখন লেনদেন হচ্ছে নগদ লেনদেনের বাজারে, যা শেয়ারবাজারে স্পট মার্কেট হিসেবে বেশি পরিচিত। এত দীর্ঘ সময় ধরে কোম্পানি দুটিকে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই স্পট মার্কেটে লেনদেনে বাধ্য করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, ‘সুস্পষ্ট কোনো ব্যাখ্যা ছাড়া এভাবে কোম্পানি দুটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন করানোর বিষয়টি বোধগম্য নয়। এর ফলে অনেক বিনিয়োগকারীই পুঁজি হারাচ্ছেন। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) উচিত এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া।’ এসইসি গত ১৮ ফেব্রুয়ারি গ্রামীণফোন ও ম্যারিকো বাংলাদেশের শেয়ার স্পট মার্কেটে লেনদেনের নির্দেশ দেয়। প্রায় একই সময় কোম্পানি দুটির শেয়ার লেনদেনে আর্থিক সমন্বয়সুবিধা (নেটিং ফ্যাসিলিটি) বাতিল করা হয়। অর্থাৎ, অন্য কোনো কোম্পানির শেয়ার বিক্রি করে লেনদেন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমপরিমাণ টাকা দিয়ে বিনিয়োগকারীরা এ দুই কোম্পানির শেয়ার কিনতে পারবেন না। এ সময় এসইসির পক্ষ থেকে বলা হয়, গ্রামীণফোনের শেয়ারের দাম বাড়লে সূচকের ওপর বড় ধরনের প্রভাব পড়ে। তাই কোম্পানিটিকে সাধারণ বাজারের পরিবর্তে স্পট মার্কেটে নেওয়ার হয়েছে। কিন্তু ম্যারিকোর বিষয়ে এ রকম কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।তবে এসইসির একটি সূত্রে জানা জানা গেছে, শুধু গ্রামীণফোনের শেয়ারকে স্পট মার্কেটে নিলে প্রশ্ন উঠতে পারে, এ ভাবনা থেকেই ম্যারিকোর শেয়ারও স্পটে নেওয়া হয়।স্পট মার্কেটে শেয়ার যেদিন কেনাবেচা হয়, সেদিনই লেনদেন নিষ্পত্তি করা বাধ্যতামূলক। তার মানে কোনো বিনিয়োগকারী স্পট মার্কেট থেকে শেয়ার কিনলে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসকে ওই দিনই লেনদেনের বিপরীতে মূল্য পরিশোধ করতে হয়। শেয়ারের মূল্য নগদ পরিশোধ করতে হয় বলেই স্পট মার্কেটকে নগদ লেনদেনের বাজার বলা হয়ে থাকে। আর নগদ মূল্য পরিশোধের ঝামেলা এড়াতে অনেক ব্রোকারেজ হাউসই স্পট মার্কেটে শেয়ার লেনদেনে আগ্রহী হয় না। অপরদিকে স্বাভাবিক বাজারে কোম্পানির শ্রেণীভেদে লেনদেন নিষ্পত্তি হতে চার (টি+৩) থেকে ১০ (টি+৯) দিন পর্যন্ত সময় লাগে। আর তাই স্পট মার্কেটে নেওয়ার পর থেকে গ্রামীণফোনের শেয়ারের দামে নেতিবাচক প্রভাব পড়ে। নেটিংসুবিধা বন্ধ থাকায় অন্য কোম্পানির শেয়ার বিক্রি করে গ্রামীণফোনের শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীরা খুব একটা আগ্রহ দেখায় না। ফলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি গ্রামীণফোনের যে শেয়ার সর্বোচ্চ ৩৯৫ টাকায় লেনদেন হয়েছিল, গত রোববার তা ২৩৫ টাকায় নেমে আসে। তার মানে স্পট মার্কেটে আসার পর থেকে কোম্পানিটির শেয়ারের বাজারদর ৪০ শতাংশের বেশি কমেছে। তবে পরিশোধিত মূলধন কম হওয়ায় স্পট মার্কেটের নেতিবাচক প্রভাব ম্যারিকোর শেয়ারে তেমনভাবে পড়েনি। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান বলেন, ‘পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্য অনেক কোম্পানির শেয়ারই অতি মূল্যায়িত। সেই তুলনায় এ দুই কোম্পানির শেয়ারের মৌলভিত্তি ও প্রবৃদ্ধি অনেক ভালো। তাই কোম্পানি দুটিকে স্পট মার্কেটে রাখার কোনো যুক্তি দেখি না। এটি এসইসির জিদ ছাড়া আর কিছু নয়।’ তিনি আরও বলেন, সূচক বাড়ার যুক্তি দেখিয়ে এসইসি কোম্পানি দুটিকে স্পটে নিয়েছিল। কিন্তু সূচক গণনায় সংশোধনী আনার পর এখন গ্রামীণফোনের মূল্য বৃদ্ধিতে সূচকে বড় ধরনের কোনো প্রভাব নেই। উল্লেখ্য, আগের পদ্ধতিতে সূচক গণনায় গ্রামীণফোনের শেয়ারের দাম এক টাকা বাড়লে সূচক বাড়ত প্রায় চার পয়েন্টের মতো। কিন্তু এখন গ্রামীণফোনের শেয়ারের দাম এক টাকা বাড়লে সূচক বাড়ে মাত্র দশমিক ২৪ পয়েন্ট। এ ব্যাপারে গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান আর্থিক কর্মকর্তা রায়হান শামসী প্রথম আলোকে বলেন, ‘কোন কোম্পানি স্পট মার্কেটে লেনদেন হবে সেটি ঠিক করার এখতিয়ার এসইসির। তবে এর ব্যাখ্যা থাকা প্রয়োজন।’ তিনি বলেন, গ্রামীণফোনকে দীর্ঘদিন স্পট মার্কেটে রাখা হলেও তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। কোম্পানির বার্ষিক সাধারণ সভাসহ (এজিএম) বিভিন্ন জায়গায় সাধারণ বিনিয়োগকারীরা এ ব্যাপারে প্রশ্ন করলে আমরা কোনো উত্তর দিতে পারি না। দুই-তিন মাস আগে এসইসির সঙ্গে যোগাযোগ করলেও কারণ স্পষ্ট হয়নি। রায়হান শামসী আরও বলেন, সূচক বাড়ার যুক্তিতে একটি কোম্পানিকে কয়েক দিন স্পটে রাখা যেতে পারে। কিন্তু কয়েক মাস রাখার কোনো যৌক্তিকতা নেই। যোগাযোগ করা হলে এসইসির সদস্য মনসুর আলম বলেন, ‘এ ব্যাপারে কমিশনের সভায় আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’