গ্রামীণফোন থ্রিজির যাত্রা শুরু

রাজধানীর বারিধারায় গ্রামীণফোনের কার্যালয় এবং এর আশপাশের কিছু এলাকায় সীমিত পরিসরে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনসেবা (থ্রিজি) চালু করল গ্রামীণফোন।
এর মধ্য দিয়ে পূর্বঘোষিত দেশব্যাপী থ্রিজি সেবা দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে দেশের শীর্ষ এই মোবাইল ফোন অপারেটরটি। অবশ্য আপাতত গ্রামীণফোনের কর্মী এবং কিছু নির্বাচিত গ্রাহকই শুধু এ সেবা পাবেন।
এ নিয়ে দেশের তিনটি মোবাইল অপারেটর থ্রিজি সেবা দেওয়া শুরু করল। গত বছর থ্রিজি সেবা দেওয়া শুরু করে সরকারি মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক। গত শনিবার থেকে ঢাকা ও চট্টগ্রামে ৩ দশমিক ৫ জি সেবা দিচ্ছে রবি।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন গ্রামীণফোনের কার্যালয়ে গতকাল রোববার গ্রামীণফোনের থ্রিজি সেবার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন টেলিযোগাযোগসচিব আবু বকর সিদ্দিক, গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী জন ফ্রেডরিক বাকসাস, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ, গ্রামীণ পর্ষদের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে, বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সামাদ এবং বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত রাইন বার্ট লুন্ড।
অনুষ্ঠানে জানানো হয়, অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে থ্রিজি সেবা চালু হয়ে যাবে। আর চলতি বছরের মধ্যে সব বিভাগীয় শহর এবং আগামী বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) ৬৪টি জেলায় থ্রিজি প্রযুক্তি পৌঁছে দেবে গ্রামীণফোন।