দেশজুড়ে গ্রাহকদের জন্য বিনা মূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগ চালুর ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। সে অনুযায়ী চলতি বছরের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ ৩০টি স্থানে ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপন করা হবে। প্রাথমিকভাবে এটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে শুরু করা হবে এবং প্রথম তিন মাস গ্রামীণফোনের গ্রাহকেরা বিনা খরচে ওয়াই-ফাই সেবা নিতে পারবেন।
ওয়াই-ফাইভুক্ত এলাকায় গিয়ে গ্রামীণফোন গ্রাহকেরা তাঁদের মুঠোফোনের ওয়াই-ফাই চালু করলে ‘জিপি ওয়াই-ফাই’ নামে একটি সার্ভিস সেট আইডেন্টিফায়ার (এসএসআইডি) দেখতে পাবেন। এতে যুক্ত হওয়ার পর গ্রাহককে গ্রামীণফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। তখন গ্রাহকের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠানো হবে, যা দিয়ে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করা যাবে। দেশীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) আমরা নেটওয়ার্ক এই উদ্যোগে গ্রামীণফোনকে কারিগরি সহায়তা দেবে। উদ্যোগটি গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ কর্মসূচিকে আরেক ধাপ এগিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তি