গ্রামীণফোন বাজারে আনল তিনটি নতুন প্যাকেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন তিনটি প্যাকেজ চালু করেছে গ্রামীণফোন। এ ছাড়া জনপ্রিয় ডিজুস সংযোগের জন্য নির্ধারণ করা হয়েছে নতুন কলচার্জ। এ তিনটি নতুন কলচার্জ প্যাকেজ হচ্ছে সহজ, বন্ধু ও আপন।গতকাল রোরবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেশজেদাল। ওডভার হেশজেদাল বলেন, ‘এই ট্যারিফ প্ল্যান আমাদের গ্রাহকদের কল করার প্রয়োজনীয়তা অনুসারে সবচেয়ে সেরা ও সবচেয়ে সুলভ সমাধান দেওয়ার একটি সচেতন প্রচেষ্টা। প্রিপেইড গ্রাহকেরা খুব সহজেই নিজের পছন্দমতো এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজে যেতে পারবেন।’এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান বিপণন কর্মকর্তা আরিল্ড কোল ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী মনিরুল কবির। আরিল্ড কোল জানান, যেসব গ্রাহক সব নেটওয়ার্কেই ফোন করেন, তাঁদের প্রয়োজনের কথা ভেবে তৈরি ‘সহজ’ প্যাকেজে আছে যেকোনো অপারেটরের মোবাইলে প্রতি মিনিট মাত্র ৭৯ পয়সায় কল করার সুযোগ। এ ছাড়াও যেকোনো নম্বরে মাত্র এক টাকায় এসএমএস করা যাবে। ‘আপন’ প্যাকেজটি তৈরি করা হয়েছে যাঁরা প্রধানত গ্রামীণফোনের অন্যান্য নম্বরে কল করে থাকেন তাঁদের জন্য। এ প্যাকেজে থাকছে বিশেষ দিবা ও রাত্রিকালীন ট্যারিফ (দুপুর ১২টা থেকে বিকাল ৪টা এবং রাত ১২টা থেকে সকাল ৮টা) প্রতি মিনিট মাত্র ৪৯ পয়সা। ‘আপন’ ব্যবহারকারীরা এফএনএফ নম্বর (শুধু গ্রামীণফোন সংযোগ) এ কল করতে পারবেন প্রতি মিনিট ৪৯ পয়সায় এবং এসএমএস পাঠাতে পারবেন মাত্র ৫০ পয়সায়। গ্রামীণফোন ও অন্য অপারেটরের সংযোগে এসএমএস করা যাবে এক টাকায়। আর যেসব গ্রাহক প্রধানত এফএনএফ নম্বরে কল করেন ‘বন্ধু’ প্যাকেজ তাঁদের জন্য। এই প্যাকেজে আছে সাতটি এফএনএফ নম্বর এবং এসব এফএনএফ নম্বরে যেকোনো সময় কল করা যাবে প্রতি মিনিট মাত্র ৪৯ পয়সায়। বন্ধু প্যাকেজে এফএনএফ নম্বর ছাড়া অন্য সব নম্বরে কল করা যাবে প্রতি মিনিট ৯৯ পয়সায়। এফএনএফ নম্বরে এসএমএস করা যাবে ৫০ পয়সায় এবং অন্যান্য জিপি নম্বরে এবং অন্য অপারেটরের নম্বরে এক টাকায়।অন্যদিকে ডিজুস প্যাকেজে আগের মতোই থাকছে কমিউনিটি ট্যারিফ এবং বিশেষ রাত্রিকালীন ট্যারিফ। তবে এখন থেকে যেকোনো গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকই এই ট্যারিফ কাঠামো বেছে নিতে পারবেন এবং ডিজুস গ্রাহকেরাও অন্য ট্যারিফে যেতে পারবেন।