গ্রামীণফোন-সিম্ফনি মিলে 'ফানস্টোর' চালু করেছে
মোবাইল হ্যান্ডসেট কোম্পানি সিম্ফনির সহযোগিতায় গ্রামীণফোন ‘ফানস্টোর’ নামে মোবাইল কনটেন্ট স্টোর চালু করেছে।
রাজধানীর একটি হোটেলে গত বৃহস্পতিবার এই ফানস্টোরের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ। এ সময় গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বনকে, সিম্ফনির পরিচালক রেজওয়ানুল হক ও সিম্ফনির সহযোগী প্রতিষ্ঠান মোম্যাজিক বাংলাদেশ লিমিটেডের পরিচালক অরুণ গুপ্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই ফানস্টোরের মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহকেরা গেমস, রিংটোন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, অডিও, লাইভ ওয়ালপেপার, ভিডিও ইত্যাদি বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য অর্থ ব্যয় করতে হবে। এ ছাড়া স্টোরের ভেতরে গ্রামীণফোনের একটি ব্র্যান্ডেড শেলফ থাকবে, যা নিজস্ব কনটেন্ট ‘জিপি আপ’ প্রচার করবে।
অ্যালান বনকে বলেন, গ্রামীণফোন সব সময় নিত্যনতুন পণ্য ও সেবার মাধ্যমে গ্রাহকদের নতুন ধরনের অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল কনটেন্ট স্টোরটি সেই প্রতিশ্রুতিরই অংশ।
অনুষ্ঠানে আরও বলা হয়, কোনো হ্যান্ডসেট কোম্পানির সঙ্গে কোনো মোবাইল অপারেটর কোম্পানির যুক্ত হওয়ার উদাহরণ দেশে এটাই প্রথম।