গ্রামীণফোনের কল ড্রপ এড়াতে সুবিধা দেবে হুয়াওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় ও চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নে নতুন একটি চুক্তি করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন ও অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান এশিয়া প্যাসিফিক এলটিই সম্মেলনে আজ মঙ্গলবার এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

থাইল্যান্ড ন্যাশনাল ব্রডকাস্টিং টেলিকমিউনিকেশন কমিশন (এনবিটিসি) ও হুয়াওয়ে যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। ব্যাংককের কনরাড হোটেলে আজ হুয়াওয়ের পক্ষ থেকে এ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। এ সময় গ্রামীণফোন ও হুয়াওয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় গ্রামীণফোন গ্রাহকদের কল নির্বিঘ্ন করতে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা দেবে হুয়াওয়ে। ভিলারেডিও নামের রেডিও প্রযুক্তির মাধ্যমে এ সুবিধা দেওয়া হবে। এই প্রযুক্তি ঘনবসতি এলাকায় কল ড্রপ রোধে কাজ করবে। আবাসিক এলাকা ছাড়াও উঁচু ভবনের বাধা পেরিয়ে কল করার ক্ষেত্রেও এই প্রযুক্তি সহায়ক হবে।

হুয়াওয়ের স্মল সেল প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট পিটার ঝাও বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অনুঘটক হিসেবে কাজ করে। হুয়াওয়ের ভিলারেডিও প্রযুক্তি সব সময় আবাসিক এলাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকার নেটওয়ার্ক সমস্যা সমাধানে কার্যকর হয়েছে। বাংলাদেশে এ প্রযুক্তি কলের মান ঠিক রাখতে কার্যকর হবে।