গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসেন
গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন টোরে জনসেন। কোম্পানির পরিচালনা পর্ষদ গতকাল মঙ্গলবার তাঁকে এই নিয়োগ দেয়। তিনি আগামী ১ মার্চ গ্রামীণফোনের বর্তমান সিইও ওডভার হেশজেদালের স্থলাভিষিক্ত হবেন।এ প্রসঙ্গে গ্রামীণফোনের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে বলেন, ‘পরিচালনা পর্ষদ টোরে জনসেনকে কোম্পানির নতুন সিইও হিসেবে নিয়োগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত। টেলিকমশিল্প ও বিভিন্ন এশীয় দেশে কাজ করার তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, যা কোম্পানির অনেক উপকারে আসবে। বাংলাদেশের নেতৃস্থানীয় মোবাইল ফোন অপারেটর হিসেবে গ্রামীণফোনের অবস্থান আরও শক্তিশালী করতে তাঁর যোগ্যতার বিষয়ে আমরা নিশ্চিত।’থাইল্যান্ডের মোবাইল অপারেটর ডিট্যাকের সিইও পদ থেকে টোরে জনসেন গ্রামীণফোনের দায়িত্ব নিচ্ছেন। এর আগে তিনি টেলিনর পাকিস্তান ও মালয়েশিয়ার মোবাইল ফোন অপারেটর ডিজির সিইও ছিলেন। তিনি ১৯৭৪ সালে টেলিনর গ্রুপে যোগ দেন।টোরে জনসেন বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করেছেন। টোরে জনসেন বলেন, ‘বাংলাদেশের নেতৃস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোনের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। মালয়েশিয়া, পাকিস্তান ও থাইল্যান্ডে আমি যে প্রগতিশীল মনোভাব নিয়ে কাজ করেছি, এখানেও সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাব।’এদিকে টোরে জনসেনের পূর্বসূরি ওডভার হেশজেদাল গ্রামীণফোনে তাঁর মেয়াদ পূর্ণ করেছেন। তিনি এখন টেলিনর গ্রুপে অন্য দায়িত্ব নেবেন। বিজ্ঞপ্তি।