গ্রামীণফোনের নতুন সিএইচআরও শরিফুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরিফুল ইসলাম। ছবি: বিজ্ঞপ্তি
শরিফুল ইসলাম। ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ মো. শরিফুল ইসলামকে কোম্পানির নতুন প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি বর্তমান সিএইচআরও কাজী মোহাম্মদ শাহেদের স্থলাভিষিক্ত হবেন।
আজ বৃহস্পতিবার গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. শরিফুল ইসলাম আগামী ১ সেপ্টেম্বর গ্রামীণফোনে যোগ দেবেন। তিনি বর্তমানে টেলিনরের সদর দপ্তর নরওয়েতে এইচআর গভর্নেন্সের গ্রুপ পিপল ডেভেলপমেন্ট ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এতে আরও বলা হয়, বিদায়ী সিএইচআরও কাজী মোহাম্মদ শাহেদ আগামী ১ আগস্ট থেকে টেলিনরের ভারতীয় মোবাইল অপারেটর ইউনিনর-এ সিএইচআরও হিসেবে যোগ দেবেন।
গ্রামীণফোন জানায়, মোহাম্মদ শরিফুল ইসলামের কাজের অভিজ্ঞতা ১১ বছরের। এর মধ্যে ৯ বছরই তিনি গ্রামীণফোনের মানবসম্পদ বিভাগে কাজ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া তিনি খাদ্য ও পানীয়, প্রশাসন এবং বাজার গবেষণা খাতেও কাজ করেছেন।
শরিফুল ইসলাম গ্রামীণফোনে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছেন। নিয়োগ, এমপ্লয়ার ব্র্যান্ডিং, প্রতিভা ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কৃতি ও মানবসম্পদ কৌশল বিষয়ে তিনি কাজ করেছেন। তিনি গ্রামীণফোনের নিয়োগ ও প্রতিভা অন্বেষণ প্রক্রিয়া ঢেলে সাজান। সেন্টার অব এক্সপার্টিজ এর প্রধান হিসেবে তিনি টিডিপি, ওয়ার্কডে, শেয়ার প্রোগ্রাম, পিপলস কাউন্সিল ইত্যাদি চালু করেন এবং দীর্ঘমেয়াদি মানবসম্পদ পরিকল্পনা নির্ধারণে সহায়তা করেন।