গ্রামীণফোনের নতুন সেবা মাইজিপি অ্যাপ চালু
গ্রামীণফোন মাইজিপি অ্যাপ সার্ভিস নামে নতুন একটি বিশেষ ডিজিটাল সেবা নিয়ে এসেছে। ফলে গ্রামীণফোনের গ্রাহকেরা এখন থেকে এই অ্যাপ ব্যবহার করেই রিচার্জ, বিল পেমেন্ট, এফএনএফ, ইন্টারনেট প্যাকসহ নানা সুবিধা নিতে পারবেন।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাপ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। এ সময় গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, গ্রাহকদের ওয়ান-স্টপ সল্যুশন দেওয়াই মাইজিপি মুঠোফোন অ্যাপের মূল উদ্দেশ্য।
এতে বলা হয়, গ্রামীণফোনের যেকোনো প্রি-পেইড ও পোস্টপেইড গ্রাহক অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোর থেকে অ্যাপটি বিনা মূল্যে নিজেদের মুঠোফোনে ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করলেই বিনা মূল্যে ৫০ মেগাবাইট ইন্টারনেট পাওয়া যাবে।
অনুষ্ঠানে বলা হয়, মাইজিপি অ্যাপ্লিকেশনটির ব্যবহারে নিয়মিত ডেটা চার্জ প্রযোজ্য হবে। অফলাইনে অ্যাপটি ব্যবহার করার সুযোগ থাকলেও হালনাগাদ তথ্য পেতে হলে ইন্টারনেট সংযোগ লাগবে। বিজ্ঞপ্তি।