গ্রামীণফোনের প্রথম প্রান্তিকে আয় ২৩৫০ কোটি টাকা
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দুই হাজার ৩৫০ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন। আগের প্রান্তিকের তুলনায় তা ৩ দশমিক ৮ শতাংশ বেশি। তবে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বেশি ১ দশমিক ২ শতাংশ।রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘প্রথম প্রান্তিক: প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে বাজার প্রবৃদ্ধি পুনরুদ্ধার’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগের প্রান্তিকে গ্রামীণফোন ১৮ লাখ নতুন গ্রাহক সংগ্রহ করেছে। গত ডিসেম্বর পর্যন্ত গ্রাহক হয়েছে চার কোটি ১৭ লাখ ৯০ হাজার, যা দেশের মোট গ্রাহকের ৪১ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া দেশের ৯৯ দশমিক ১৬ শতাংশ জনগোষ্ঠী এবং ৮৯ দশমিক ৪২ শতাংশ ভৌগোলিক এলাকা গ্রামীণফোনের নেটওয়ার্কের আওতায়।এতে আরও জানানো হয়, এ বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন নেটওয়ার্কের আধুনিকায়নে ১২০ কোটি টাকা বিনিয়োগ করেছে। আর কোম্পানি চালু হওয়ার পর থেকে মোট বিনিয়োগ ২১ হাজার ৫০০ কোটি টাকা। প্রথম প্রান্তিকে কর, মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এক হাজার ২২০ কোটি টাকা। প্রতিষ্ঠার পর থেকে সরকারকে দেওয়া অর্থের পরিমাণ ৩২ হাজার ১০০ কোটি টাকা।আয়কর দেওয়ার পর ২০১২ সালের প্রথম প্রান্তিকের ৫২০ কোটি টাকা মুনাফার তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকের মুনাফা ৪৫০ কোটি টাকা হওয়ায় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কিছুটা কমে ৩ দশমিক ৮৫ টাকা থেকে ৩ দশমিক ৩৬ হয়েছে বলে উল্লেখ করেন বিবেক সুদ।কারণ হিসেবে গ্রামীণফোনের সিইও বলেন, মূল্যস্ফীতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নবায়িত টুজি লাইসেন্সের মূল্য পরিশোধ করায় এমনটি হয়েছে। তবে বৈদেশিক মুদ্রা বিনিময় হারের সুবিধায় মুনাফা হ্রাস নিয়ন্ত্রণ করা গেছে।এক প্রশ্নের জবাবে বিবেক সুদ বলেন, সিমের ওপর কর কমানো শুধু গ্রামীণফোন নয়, টেলিযোগাযোগ শিল্পের স্বার্থেই দরকার।