গ্রামীণফোনের শেয়ারই ছিল সপ্তাহজুড়ে আলোচনায়
সপ্তাহের শেষ লেনদেন দিবসে গত বৃহস্পতিবার গ্রামীণফোন লিমিটেড ও ম্যারিকো লিমিটেডের স্পট মার্কেটে বা নগদ টাকায় লেনদেনের নির্দেশ দেওয়া হয়েছে। স্পট মার্কেটে নগদ টাকায় লেনদেন করতে হয় বলে তাত্ক্ষণিকভাবে লেনদেন নিষ্পত্তি হয়। ফলে লেনদেনের পরের দিনই শেয়ার বিক্রি করা যায়। মূলত গ্রামীণফোনের শেয়ারের ‘অস্বাভাবিক’ মূল্যবৃদ্ধি ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আগামী সোমবার থেকে এ নিয়ম কার্যকর হবে। সংস্থাটির ধারণা, এ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি হওয়ার জন্য শেয়ার আটকে থাকে না। তাই সংশ্লিষ্ট শেয়ারের সরবরাহ সংকটজনিত কারণে মূল্যবৃদ্ধির আশঙ্কা যেমন কমবে, তেমনি শেয়ারটি কিনতে নগদ টাকা প্রয়োজন হওয়ায় কৃত্রিম চাহিদাও রোধ করা যাবে। এর আগে গ্রামীণফোনের শেয়ারের মূল্যবৃদ্ধি ঠেকাতে এসইসি আর্থিক সমন্বয় সুবিধা বা নেটিং সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেয়। কিন্তু এতেও কাজ না হওয়ায় এবার শেয়ারটিকে স্পট মার্কেটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রকৃতপক্ষে গত সপ্তাহের শেয়ারবাজারে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গ্রামীণফোন। আগের সপ্তাহের ধারাবাহিকতায় গত সপ্তাহেও প্রথম দিন থেকে শেয়ারটি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এসইসি আরোপিত নানা প্রতিবন্ধকতার পরও পুঁজিবাজারের সবচেয়ে বড় পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির এভাবে মূল্যবৃদ্ধির ঘটনা বাজারসংশ্লিষ্ট অনেককেই বিস্মিত করেছে। এসইসির সিদ্ধান্তের প্রভাবে গত সপ্তাহের শেষ দিন গ্রামীণফোনের শেয়ারের দাম কিছুটা কমলেও বাকি আগের চার দিনে বেড়েছে প্রায় ১৬ শতাংশ। এ সময় শেয়ারটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যের পার্থক্য ছিল ২৮ শতাংশের মতো। আর এ মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে অন্যান্য খাত, বিশেষত ব্যাংকিং খাতের শেয়ারের ওপর। গত সপ্তাহের দ্বিতীয় দিন থেকেই ব্যাংকিং খাতের শেয়ারের দাম হঠাত্ করেই কমতে শুরু করে। বিশ্লেষকেরা বলছেন, কয়েকটি ব্যাংকের প্রাতিষ্ঠানিক ঘোষণা বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় এমনিতেই এ খাতের ওপর বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েন। অন্যদিকে, গ্রামীণফোনের শেয়ারের দাম বাড়তে থাকায় তাঁরা সেদিকে বিনিয়োগের ব্যাপারে প্রলুব্ধ হন। ফলে অনেকেই ব্যাংকিং খাতের শেয়ারের বিক্রি চাপ বাড়িয়ে দেন। এ কারণে গত সপ্তাহে বেশির ভাগ ব্যাংকে বড় ধরনের মূল্যপতন ঘটে।তবে সপ্তাহের শেষ দিনে গ্রামীণফোনকে স্পট মার্কেটে নিয়ে যাওয়ার এসইসির সিদ্ধান্তে ব্যাংকিং খাতের শেয়ার আবার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বাজার পরিস্থিতি: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট সাত হাজার ৪২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, আগের সপ্তাহের চেয়ে এক হাজার ১১৩ কোটি টাকা বা প্রায় ১৮ শতাংশ বেশি। এ সময় দৈনিক গড়ে এক হাজার ৪৮৪ কোটি টাকার লেনদেন হয়েছে। যেখানে এর আগের সপ্তাহে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ২৬১ কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময় স্টক এক্সচেঞ্জটিতে মোট ২৪৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৬টি কোম্পানিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৬১টির। আর অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারের দাম। কিন্তু এতগুলো কোম্পানির শেয়ারের দাম কমার পরও গত সপ্তাহে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের সপ্তাহের চেয়ে ১২৫ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ৭৬০ পয়েন্ট। এ ক্ষেত্রে গ্রামীণফোনের মূল্যবৃদ্ধিই সবচেয়ে বড় প্রভাব রেখেছে। মূল্যবৃদ্ধির শীর্ষ ১০: সিএমসি কামাল, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, রূপালী ব্যাংক, নাভানা সিএনজি, চিটাগাং ভেজিটেবল ও গোল্ডেনসন। দর কমায় শীর্ষ ১০: বাংলাদেশ প্ল্যান্টেশন, বিএলটিসি, ডাচ্-বাংলা ব্যাংক, ইউনাইটেড ইনস্যুরেন্স, অগ্নি সিস্টেমস, বিচ হ্যাচারি, ইস্টার্ন ব্যাংক, সাভার রিফ্যাক্টরিজ, আলফা টোব্যাকো ও এইচ আর টেক্সটাইল। লেনদেনের শীর্ষ ১০: বেক্সিমকো, গ্রামীণফোন, লংকাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, নাভানা সিএনজি, বেক্সটেক্স, প্রিমিয়ার ব্যাংক, কেয়া কসমেটিকস, সামিট পাওয়ার ও এনবিএল।