গ্রামীণফোনের ৭১ লাখ গ্রাহক বেড়েছে
সদ্যবিদায়ী ২০১৩ সালে গ্রামীণফোনের সঙ্গে নতুন করে ৭১ লাখ গ্রাহক যুক্ত হয়েছেন। এর ফলে বছর শেষে মুঠোফোন কোম্পানিটির মোট গ্রাহক বেড়ে হয়েছে চার কোটি ৭১ লাখ। দেশের মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে ৪১ দশমিক ৪ শতাংশ গ্রাহক এখন গ্রামীণফোন ব্যবহার করছেন।
আজ মঙ্গলবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। পাশাপাশি এদিন রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য জানানো হয়।
এদিকে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের একমাত্র কোম্পানি গ্রামীণফোন ২০১৩ সাল শেষে শেয়ারধারীদের মোট ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৯০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসাবে বিতরণ করা হয়েছে। বাকি ৫০ শতাংশ লভ্যাংশ গতকাল সোমবার ঘোষণা করা হয়।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৩ সালে কোম্পানিটি নয় হাজার ৬৬০ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা আগের বছরের চেয়ে ৫.১ শতাংশ বেশি। তবে ২০১৩ সালে এটির প্রকৃত মুনাফা আগের বছরের চেয়ে কমেছে। এ কারণে গত বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে দাঁড়িয়েছে ১০ টাকা ৮৯ পয়সায়, ২০১২ সালে যার পরিমাণ ছিল ১২ টাকা ৯৬ পয়সা।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও বিবেক সুদ জানিয়েছেন, ২০১৩ ছিল ঘুরে দাঁড়ানোর বছর। এ বছরে থ্রিজি লাইসেন্স প্রাপ্তির পাশাপাশি রাজস্ব প্রবৃদ্ধি পুনরুদ্ধার, বাজার কাঠামোকে ঢেলে সাজানো হয়েছে।
কোম্পানিটির পক্ষ থেকে আরও জানানো হয়, ২০১৩ সালে ১০৭৪টি বেস স্টেশন স্থাপনের মাধ্যমে সাতটি বিভাগীয় শহরে থ্রিজি সেবা চালু করা হয়েছে। ২০১৪ সালের এপ্রিলের মধ্যে দেশের সব জেলা শহর থ্রিজির আওতায় আসবে।