গ্রামে চাহিদা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আলমগীর কবীর
মো. আলমগীর কবীর

সিমেন্ট খাতে গত পাঁচ বছরে প্রবৃদ্ধি বেশ ভালোই হয়েছে। ২০১৩ সাল কিছুটা খারাপ গিয়েছিল, সেটা রাজনৈতিক অস্থিরতার কারণে।
এখন সিমেন্টের মূল ব্যবহারকারী সরকার। তারপরে ঘরবাড়ি নির্মাণ। আমাদের দেশে গ্রামীণ অর্থনীতির একটা ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায়। সেখানে সিমেন্টের ব্যবহার অনেক বেড়েছে। বিশেষ করে দেশের উত্তর, পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ব্যবহার বাড়ছে। ওই সব অঞ্চলে একসময় সিমেন্টের চাহিদা অনেক কম ছিল।
সিমেন্ট খাত এখন উৎপাদন সক্ষমতার প্রায় ৭৫ শতাংশ ব্যবহার করতে পারছে। এটাকে সর্বোচ্চ বলা যায়। সে হিসেবে এ খাতে এখন সুদিন চলছে। আবাসন খাত ভালো থাকলে চাহিদা আরও বাড়ত। তবে ব্যক্তিগতভাবে বাড়ি নির্মাণ বাড়ছে।
সিমেন্ট খাতের পাশাপাশি ইস্পাত শিল্পেও প্রবৃদ্ধি বাড়ছে। কারণ, সিমেন্ট ও ইস্পাত শিল্প মোটামুটি হাত ধরাধরি করে চলে। ভবিষ্যতে চাহিদা আরও বাড়বে—এ আশা করেই অনেকে উৎপাদন ক্ষমতার সম্প্রসারণ করছে। চলতি বছর ও আগামী বছরের মধ্যে উৎপাদন ক্ষমতা প্রায় ৪০ শতাংশ বাড়বে। কিন্তু সে অনুযায়ী চাহিদার প্রবৃদ্ধি না হলে একটি সংকট তৈরি হতে পারে। এতে কারও কারও বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে।
আমার কাছে কেন যেন মনে হচ্ছে এ খাতে শৃঙ্খলা নেই। প্রতিযোগিতা করে কম দামে বিক্রি করাটা ক্রেতার জন্য ভালো। তবে আমার চিন্তা মান নিয়ে। আমি মনে করি মান রক্ষার দিকে নজর দিতে হবে। এ ক্ষেত্রে সরকারের বড় উদ্যোগ নেওয়া প্রয়োজন। সিমেন্ট কোম্পানিগুলো মানসম্পন্ন পণ্য দিচ্ছে কি না, তা নিয়মিত নজরে রাখা দরকার।