গ্রামে ডিজিটাল পদ্ধতিতে অনুদান-ভাতা পৌঁছাবে
দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক সুবিধা তথা অনুদান ও ভাতা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই), মাস্টারকার্ড ও ব্যাংক এশিয়া। দেশব্যাপী ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর (ইউডিসি) মাধ্যমে এই সেবা পৌঁছে দেবে তারা।
ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিন প্রতিষ্ঠান আজ সোমবার একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় প্রতিষ্ঠান তিনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকটির আওতায় ইউডিসিতে থাকা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্মকে সহায়তা করবে এটুআই। ব্যাংক এশিয়া এ ক্ষেত্রে মাস্টারকার্ড ব্যবহার করে সেবাটি দেবে। এভাবে এটুআই দেশের দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে আর্থিক সেবা প্রদানকারী সংস্থাগুলোর সংযোগ ঘটিয়ে দেওয়ার মাধ্যমে দরিদ্রমুখী প্রযুক্তিভিত্তিক আর্থিক সেবা কার্যক্রম জোরদার করবে। এ ছাড়াও মাস্টারকার্ড নির্দিষ্ট চুক্তির আওতায় মাস্টারকার্ড কো-ব্র্যান্ডেড পেমেন্ট কার্ড চালুর বিষয়ে এটুআই এবং ব্যাংক এশিয়াকে সহযোগিতা দেবে।
অনুষ্ঠানে কবির বিন আনোয়ার বলেন, ‘সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করলে সেবার মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি জনগণের বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগণের সরকারি সেবা পেতে সময়, খরচ ও যাতায়াত কমবে।
সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এটুআই প্রকল্পের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সঙ্গে বহু পথ একসঙ্গে চলার আশা করছি।’
মো. আরফান আলী বলেন, এই সমঝোতা স্মারকটি দেশের প্রতিটি জনগণের একটি করে ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব থাকার অধিকার নিশ্চিত করবে এবং ডিজিটাল ব্যাংকিং পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দিতে জোরালো ভূমিকা রাখবে।