মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে গ্রাহকের অভিযোগ গ্রহণব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
কমিশন সূত্রে জানা গেছে, মোট তিন ধাপে গ্রাহকের অভিযোগ নেওয়া হবে। ধাপগুলো হচ্ছে ডাক, ই-মেইল ও ফোন; ওয়েবসাইট এবং শর্ট কোড। গ্রাহক যাতে সহজে অভিযোগ পাঠাতে পারেন সে জন্য অভিযোগ নেওয়ার ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ডাক, ই-মেইল ও ফোনের মাধ্যমে অভিযোগ নেওয়ার প্রথম ধাপটি আগেই বাস্তবায়ন করা হয়েছে, যেটির মাধ্যমে গ্রাহকেরা বিটিআরসিতে অভিযোগ জানাতে পারতেন। চলতি মাসে চালু করা দ্বিতীয় ধাপে বিটিআরসির ওয়েবসাইটে ‘কাস্টমার কমপ্লেইন ডেটাবেজের’ মাধ্যমে অনলাইনে গ্রাহকেরা অভিযোগ জানাতে পারছেন। আর খুব শিগগির ‘শর্ট কোড’ শীর্ষক তৃতীয় ধাপটি চালু করা হবে বলে জানা গেছে। বিটিআরসি সম্প্রতি এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।
বিটিআরসির ওয়েবসাইটে ‘কমপ্লেইন ফর ইন্টারনেট’ নামে একটি বক্সে ক্লিক করে ইন্টারনেট সেবা সম্পর্কে গ্রাহকেরা অভিযোগ জানাতে পারবেন। বক্সের নির্ধারিত ফরমে মোবাইল অপারেটর বা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা নিয়ে অভিযোগ করতে হবে। পাশাপাশি ০১৫৫৫১২১১২১ নম্বরে ফোন করেও অভিযোগ দাখিল করতে পারবেন গ্রাহক।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ মে ওয়েবসাইট তথা অনলাইনে ‘কাস্টমার কমপ্লেইন ডেটাবেজ’ চালু হওয়ার পর থেকে ১০ মে পর্যন্ত ৬৩টি অভিযোগ জমা পড়েছে। আর টেলিফোনে প্রতিদিন গড়ে অভিযোগ আসে ১০ থেকে ১২টি, সেই হিসাবে ফোনে প্রতি মাসে গড়ে ৩০০টির মতো অভিযোগ আসে।
বিটিআরসির সচিব ও মুখপাত্র মো. সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘গ্রাহকদের কাছ থেকে মুঠোফোন ও ইন্টারনেট-সম্পর্কিত বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায়। তাঁদের স্বার্থেই এসব অভিযোগের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। বিষয়টি নিশ্চিত করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’
গ্রাহকের কাছ থেকে অভিযোগ গ্রহণের ব্যবস্থাকে শক্তিশালী করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতেই বিটিআরসি এ উদ্যোগ নিয়েছে বলে জানান বিটিআরসি সচিব।