গ্রাহক অমনিবাস হিসাব বিওতে স্থানান্তরের সময় বাড়ানো হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে কার্যক্রম পরিচালনাকারী মার্চেন্ট ব্যাংকের আওতায় গ্রাহকের পরিচালনাধীন অমনিবাস বা গুচ্ছ হিসাবকে পৃথক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে রূপান্তরের সময় আর বাড়ছে না। তাই আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে মার্চেন্ট ব্যাংকের নন-ডিসক্রিশনারি হিসাবধারী (যেসব হিসাব গ্রাহক নিজে পরিচালনা করেন) গ্রাহকের অমনিবাস হিসাবকে পৃথক বিওতে স্থানান্তর করতে হবে।মার্চেন্ট ব্যাংকগুলো সময় বাড়ানোর জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার বিএসইসির নিয়মিত সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। ফলে পূর্বনির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকের অমনিবাস হিসাবের বিপরীতে পৃথক বিও হিসাব খুলতে হবে। তবে গ্রাহকের হয়ে মার্চেন্ট ব্যাংকগুলো যেসব অমনিবাস হিসাব পরিচালনা করে (ডিসক্রিশনারি) সেগুলো আপাতত পৃথক বিওতে স্থানান্তরিত হচ্ছে না। বিএসইসি বলছে, সরাসরি গ্রাহকের পরিচালনাধীন অমনিবাস হিসাবকে পৃথক বিও হিসাবে স্থানান্তরের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলোকে গত ৩১ ডিসেম্বরের জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে। বিএসইসির ওই নির্দেশনায় বলা হয়, সব মার্চেন্ট ব্যাংককে তাদের নিজস্ব কাস্টডি ডিপি (ডিপোজিটরি পার্টিসিপেন্ট) মাধ্যমে বিনিয়োগকারীদের বাধ্যতামূলক বিও হিসাব খুলতে হবে। বিনিয়োগকারী সম্পর্কে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য ব্যবহার করেই স্বতন্ত্র বিও হিসাব খোলা যাবে। সে ক্ষেত্রে পৃথক বিও খোলার পরবর্তী এক মাসের মধ্যে প্রয়োজনীয় অন্যান্য তথ্য ওই হিসাবে সংযুক্ত করতে হবে।একই সঙ্গে অমনিবাস হিসাবে রক্ষিত গ্রাহকের শেয়ার বিনা মাশুলে পৃথক বিওতে স্থানান্তরের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলকে নির্দেশ দেয় বিএসইসি। এদিকে বিএসইসির গতকালের সভায় সন্ধানী লাইফ ফিন্যান্সকে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে অনুমোদন দেওয়া হয়। এর আগে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদের জন্য বিএসইসির কাছে আবেদন করে। এ ছাড়া সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন ভঙ্গের দায়ে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক হাসনাইন হারুণকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আলিফ ইসলামী ইনকাম ফান্ড নামে ১০ কোটি টাকার একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট দলিল ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন করে বিএসইসি। এই ফান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি আলিফ অ্যাসেট ম্যানেজমেন্ট।