গ্রাহক ও বিনিয়োগ বেড়েছে রবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথমার্ধে প্রায় এক হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ করেছে মুঠোফোন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। এ সময়ে প্রতিষ্ঠানটির মোবাইল ফোনের গ্রাহকসংখ্যাও বেড়েছে। ইন্টারনেট গ্রাহকসংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের প্রথমার্ধ (জুন পর্যন্ত) শেষে রবির গ্রাহকসংখ্যা হয়েছে দুই কোটি ৪০ লাখ, যা দেশের মোট মুঠোফোন ব্যবহারকারীর ২০ দশমিক ৬ শতাংশ।
সংবাদ সম্মেলনে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে বলেন, ‘বছরের শুরু থেকে সব দিকেই রবির স্থিতিশীল অগ্রগতি হচ্ছে। দেশজুড়ে ৩.৫জি নেটওয়ার্ক স্থাপনে আমরা উল্লেখযোগ্য বিনিয়োগ করেছি এবং নেটওয়ার্ক বিস্তৃতির জন্য বিনিয়োগের সঙ্গে ইন্টারনেটের ব্যবহার ও রাজস্ব বৃদ্ধির নিবিড় সম্পর্ক রয়েছে।’
এ সময়ে প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় কোষাগারে এক হাজার ২১০ কোটি টাকা জমা দিয়েছে বলেও জানানো হয়। তবে তরঙ্গের জন্য বাড়তি বিনিয়োগ ও দেশজুড়ে ৩.৫জি সেবা প্রসার করতে মূলধনি বিনিয়োগ বাড়ার কারণে কর পরিশোধের পর মুনাফা ২ দশমিক ৬ শতাংশ কমেছে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনেও রবির দুই শীর্ষ কর্মকর্তা জানান, ২০১৪ সালের মধ্যে দেশের কমপক্ষে ৭০ শতাংশ মানুষকে ৩.৫জি সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে বড় বিনিয়োগ (৯৯০ কোটি টাকা) করেছে। মুঠোফোনে কথা বলার ক্ষেত্রে গ্রাহক সন্তুষ্টি বাড়াতে এখন এইচডি সেবা দিচ্ছে বলেও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক ফলাফল উপস্থাপন করেন প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ফিন্যান্স বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন।