গ্রাহক ও রাজস্ব বেড়েছে রবির

মোবাইল ফোন অপারেটর রবির রাজস্ব ও গ্রাহক দু’টিই বেড়েছে। মানসম্মত নেটওয়ার্ক ও গ্রাহকবান্ধব সেবার জন্য গ্রাহকের কাছে পছন্দের অপারেটর ছিল রবি। আজ বৃহস্পতিবার ২০১৫ সালের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) ব্যবসায়িক ফলাফল তুলে ধরে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের কর্মকর্তারা এ কথা জানান।
রবির চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইয়াপ উই ইপ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
এতে জানানো হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে রবির গ্রাহকসংখ্যা ২১ লাখ বেড়ে ২ কোটি ৭৪ লাখে পৌঁছেছে। যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহকসংখ্যার ২১ দশমিক ৬ শতাংশ। ২০১৫ সালের প্রথম ছয় মাস শেষে কোম্পানির রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সারা দেশে সর্বোচ্চ মানের ইন্টারনেট সেবা প্রদানের ফলে ইন্টারনেট থেকে রাজস্ব প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা ১২৮ শতাংশেরও বেশি। ৩.৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে বড় অঙ্কের বিনিয়োগ এবং ৩.৫জি সেবা ব্যবহারে উৎসাহিত করতে গ্রাহকদের জন্য বিভিন্ন উদ্ভাবনী প্যাকেজ অফারের কারণে ইন্টারনেট থেকে রাজস্ব বৃদ্ধি পেয়েছে।
ক্রমাগত বিনিয়োগের ফলে নেটওয়ার্ক খাতে উচ্চ ব্যয় এবং তীব্র প্রতিযোগিতার কারণে বছরের প্রথম ছয় মাসে পরিচালন মুনাফা মার্জিন দাঁড়িয়েছে ৩৭ শতাংশে, যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য কম। ২.৫ জি/ ৩.৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে বিনিয়োগ বৃদ্ধি ও উচ্চ অবচয় ব্যয়ের কারণে বছরের প্রথম ছয় মাসে কর পরবর্তী মুনাফা বা পিএটি (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৭ দশমিক ৪ শতাংশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকে মূলধনী ব্যয়ে ৭১০ কোটি টাকা বিনিয়োগসহ এ পর্যন্ত মোট মূলধনী ব্যয়ের পরিমাণ ১৫ হাজার ৫৮০ কোটিতে দাঁড়িয়েছে। দেশজুড়ে ৮ হাজার ১১৯টি সাইটের মাধ্যমে টেলিযোগাযোগ সেবা প্রদান করছে রবি, যার মধ্যে ৩.৫জি সাইটের সংখ্যা ২ হাজার ৪৫০ টি’র বেশি।
রবির সিওও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘ইন্টারনেট ডট ওআরজি’র মাধ্যমে রবি গ্রাহকদের বিনা মূল্যে ইন্টারনেট সেবা প্রদান করছে। এ সেবা গণমানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি আমাদের ছিল, তা বাস্তবে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘বৈশাখী ঝড় ক্যাম্পেইনের মাধ্যমে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্য ছাড়ে রবি গ্রাহকেরা জনপ্রিয় ব্র্যান্ডের ৩জি সুবিধা সম্পন্ন স্মার্টফোন ক্রয়ের সুযোগ পেয়েছিল। এ ছাড়া ‘৩৯ / ৭৯ টাকা রিচার্জে সেরা কল রেট’ অফারের মাধ্যমে দেশের সবচেয়ে সাশ্রয়ী কল রেট উপভোগের সুযোগ করে দিয়েছে রবি।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হওয়া প্রসঙ্গে মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা মনে করি আমাদের ক্রিকেটাররা তাদের প্রতিভা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জ্বলে ওঠার আপন শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করেছেন।’
এর আগে রবি’র চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও ব্যবস্থাপনা সম্পাদক (এমডি) সুপুন বীরাসিংহে বলেন, ‘২০১৫ সালের প্রথম ছয় মাসে ভয়েস সেবা ছাড়া বাকি সব ক্ষেত্রেই আমরা সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করেছি। গ্রাহকদের জন্য মানসম্মত টেলিযোগাযোগ সেবা ও শক্তিশালী নেটওয়ার্ক নিশ্চিত করতে ২.৫জি এবং ৩.৫জি নেটওয়ার্কের বিস্তারে আমদের বিনিয়োগ অব্যাহত রয়েছে।’ তিনি বলেন, ‘বছরের দ্বিতীয় প্রান্তিকে রবি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর হওয়ার পাশাপাশি দেশের ক্রিকেটের গৌরবময় পথচলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সঙ্গে অংশীদার হতে পেরে গর্বিত।’