গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা আইএসপিরাই দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের ২ হাজার ৬০০ ইউনিয়নে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দেওয়ার কাজটি করবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি)। ইনফো সরকার তৃতীয় পর্যায়ের প্রকল্পের মাধ্যমে এ কাজটি করা হবে। এ জন্য প্রকল্পের সংশোধিত ডিপিপিতে (বিশদ প্রকল্প প্রস্তাবনা) বিষয়টি সংযোজন করা হবে। আর বাস্তবায়নের সুবিধার জন্য এই প্রকল্পের কাজ আটটি পর্যায় থেকে কমিয়ে দুটি পর্যায়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইনফো সরকার-৩ প্রকল্প নিয়ে ওঠা অনিয়মের অভিযোগের জবাব দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল রোববার এসব তথ্য জানানো হয়। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিসিসির নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, ইনফো সরকার-৩-এর প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, জাতীয় ডেটা সেন্টারের পরিচালক তারেক বরকত উল্লাহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ আগস্ট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সমিতি আইএসপিএবির সংবাদ সম্মেলনে যে সুনির্দিষ্ট চারটি অনিয়মের অভিযোগ করা হয়েছে, সেগুলো ভিত্তিহীন ও বানোয়াট। প্রকল্পের কাজের ধাপ কমানোর বিষয়ে বলা হয়, কতটি পর্যায়ে একটি প্রকল্প বাস্তবায়ন হবে একনেক সে বিষয়ে কখনো নির্দেশনা দেয় না। সব দিক বিবেচনা করেই প্রকল্পের স্টিয়ারিং কমিটি আটটি পর্যায়ের (লট) বদলে দুটি পর্যায়ে করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সংশোধিত ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হবে।

প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, প্রকল্পের কাজ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। একনেকের সিদ্ধান্ত ও সরকারি কার্যপ্রণালি বিধিমালা লঙ্ঘনের মতো কোনো অনিয়ম এখানে হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আইএসপিএবি সম্পূর্ণ দরপত্র না পড়েই তাদের কাজ দেওয়া থেকে বঞ্চিত করার অভিযোগ করছে। কাজ পাওয়া কোনো এনটিটিএন (ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) প্রতিষ্ঠান গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দেবে না। এ কাজটি আইএসপিরাই করবে।