>

সম্প্রতি ব্যাংক খাতে কার্ড জালিয়াতির ঘটনা ঘটেছে। অতীতে বিচ্ছিন্নভাবে গুটি কয়েক কার্ড জালিয়াতির ঘটনা ঘটলেও গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে তা নিষ্পত্তি করা হয়েছিল। কিন্তু এবারের জালিয়াতির ঘটনায় কার্ডের নিরাপত্তা ও ব্যাংক খাতে সাইবার অপরাধের বিষয়টি জোরেশোরে সামনে চলে এসেছে। গ্রাহকের জীবন সহজ করতে ব্যাংক খাতে প্রযুক্তিনির্ভর সেবার পরিধি ক্রমেই বাড়ছে। কিন্তু তাতে যদি সেবার পরিবর্তে ঝুঁকির মাত্রাটি বড় হয়ে ওঠে, তাহলে এর সমাধান কী? এসব নানা বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান
প্রথম আলো: ব্যাংক খাতে সম্প্রতি এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে বিশেষ যন্ত্র বসিয়ে কার্ড জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনাকে কীভাবে দেখছেন?
সৈয়দ মাহবুবুর রহমান: শুধু জালিয়াতির ঘটনা যদি বলেন, তাহলে আমি বলব, ব্যাংক খাতে অতীতে এর চেয়েও বড় জালিয়াতির ঘটনা ঘটেছে। হয়তো এটিএম বা কার্ডের বেলায় একসঙ্গে এত বড় জালিয়াতির ঘটনা ঘটেনি। ১৯৯৬-৯৭ সাল থেকে এ দেশে এটিএমের ব্যবহার শুরু হয়। তার আগে চেক লেনদেনের জন্য অটোমেটেড ক্লিয়ারিং পদ্ধতি চালু হয়, তখন শুরুতেও কিছু জালিয়াতির ঘটনা ঘটে। এ ছাড়া এটিএম কার্ডেও এর আগে বিচ্ছিন্নভাবে টুকটাক জালিয়াতির ঘটনা ঘটেছে। বেশির ভাগ ক্ষেত্রে ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে সেসব ঘটনা সামাল দিয়েছে। তাই পুরো ব্যাংক খাতে এর কোনো প্রভাব পড়েনি। কয়েক বছর আগেও কয়েকটি বেসরকারি ব্যাংকের কার্ড জালিয়াতির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু এবারের ঘটনাটি খুব বেশি আলোচনায় এসেছে।
প্রথম আলো: আপনি বলছেন, আগেও বিচ্ছিন্নভাবে এটিএম কার্ড জালিয়াতির ঘটনা ঘটেছে। তাহলে আবারও কেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল? তবে এ ক্ষেত্রে কি ব্যাংকের কোনো গাফিলতি রয়েছে?
মাহবুবুর রহমান: অতীতে যেসব জালিয়াতির ঘটনা ঘটেছে, তার সঙ্গে এবারের ঘটনার কিছুটা ভিন্নতা রয়েছে। এবার যেটি ঘটেছে, সেটিকে বলা যেতে পারে সাইবার অপরাধ। অর্থাৎ, প্রযুক্তির বিপরীতে প্রযুক্তি ব্যবহার করে এ জালিয়াতি ঘটানো হয়েছে। এ ক্ষেত্রে আপনি যদি বলেন ব্যাংকের দিক থেকে গাফিলতি কী ছিল, তাহলে আমি বলব, কিছুটা গাফিলতি ব্যাংকের দিক থেকেও ছিল। ব্যাংকের দিক থেকে বড় গাফিলতি বা ব্যর্থতা হচ্ছে আমরা যথাযথভাবে গ্রাহকদের সচেতন করে তুলতে পারিনি। বলতে পারেন, এ ধরনের জালিয়াতি রোধে গ্রাহক সচেতনতা তৈরিতে বড় ধরনের উদ্যোগও নেওয়া হয়নি। ২০১৩ সালে এটিএম ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ব্যাংক কিছু নিয়মকানুন বা গাইডলাইন তৈরি করে দিয়েছিল, কিন্তু তা যথাযথভাবে মানা হয়নি। তবে এ ক্ষেত্রে সামগ্রিক কিছু সীমাবদ্ধতা ছিল এবং এখনো রয়েছে।
প্রথম আলো: এই সীমাবদ্ধতা কী ধরনের? কাদের সীমাবদ্ধতার কথা বলছেন?
মাহবুবুর রহমান: ২০১৩ সালের ওই গাইডলাইনে নিয়মিতভাবে এটিএম বুথের ভিডিওচিত্র পর্যালোচনা, এটিএম সরবরাহকারী নিয়োগ, বুথে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী নিয়োগের বিষয়গুলো বলা ছিল। ব্যাংকগুলো প্রতিটি বুথে নিরাপত্তাকর্মী নিয়োগও করেছে। কিন্তু আমাদের নিরাপত্তাকর্মীদের শিক্ষা, মানসিক ও অবস্থান বিবেচনা করলে তা খুবই দুর্বল। মাঝে মাঝে আমরা নিজেরাও তো দেখতে পাই, নিরাপত্তাকর্মীদের যদি একটু ধমক দেওয়া হয়, তাতে তিনি দুর্বল হয়ে পড়েন। আবার স্যুট-কোট পরে থাকলে বুথে প্রবেশের ক্ষেত্রে সেসব লোককে অনায়াসে ঢুকতে দেওয়া হয়। সামগ্রিক বিবেচনায় এসব নিরাপত্তাকর্মীর দায়িত্ববোধের যথেষ্ট ঘাটতি রয়ে গেছে।
প্রথম আলো: গ্রাহকের জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এটিএমসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। কিন্তু আমাদের সামগ্রিক পরিবেশ কতটা নিরাপদ?
মাহবুবুর রহমান: সামগ্রিক পরিবেশের কথা যদি বলেন, তাহলে সেখানে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে সেবাদাতা ব্যাংক, গ্রাহক এবং সেবা-সংশ্লিষ্ট সবার ভূমিকা ও দায়িত্বশীলতার বিষয়টি আসবে। সেই বিবেচনায় কিছু ঘাটতি তো সব দিক থেকেই রয়েছে। ব্যাংক হিসেবে আমাদের হয়তো উচিত ছিল এটিএম ব্যবহার করার ক্ষেত্রে গ্রাহকদের অনেক বেশি সচেতন করে তোলা। কীভাবে কার্ড ব্যবহার করলে কার্ডের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, সেসব বিষয় গ্রাহকদের জানানো দরকার ছিল। এ ক্ষেত্রে আমি বলব, ব্যাংকের দিক থেকে আমরা আমাদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে পারিনি। আবার গ্রাহকের দিক থেকে যদি দেখেন, তাহলে আমরা এমনও তো দেখেছি, সহকারীকে কার্ড ও গোপন পিন নম্বর দিয়ে বুথ থেকে টাকা তোলান। এর ফলে যদি কোনো কার্ড জালিয়াতির ঘটনা ঘটে, তার জন্য কাকে দায়ী করবেন? এমনও তো ঘটনা আছে, গ্রাহকের তিন লাখ টাকার একটি চেক পাস করার আগে ব্যাংক থেকে যখন নিরাপত্তার স্বার্থে গ্রাহককে ফোন করা হয়, তাতে গ্রাহকেরা বিরক্ত হন। অথচ কাজটা করা হয় গ্রাহকের স্বার্থেই।
প্রথম আলো: আপনি বলেছেন, এবারের জালিয়াতির ঘটনাটি একধরনের সাইবার অপরাধ। তাহলে কি এ ঘটনার মধ্য দিয়ে আমাদের ব্যাংকিং খাত সাইবার অপরাধের হুমকির মধ্যে পড়ে গেল?
মাহবুবুর রহমান: দেখেন, যদি হুমকিই বলেন, তাহলে আমি বলব যে শুরু থেকেই এ হুমকি আমাদের জন্য ছিল। পুরো প্রযুক্তিটাকে বিবেচনায় নিয়ে যদি হিসাব করা হয়, তাহলে এর সঙ্গে অনেকগুলো পক্ষ জড়িত। একটি পক্ষ এটিএম সরবরাহ করছে, যেটি তৈরির সঙ্গে জড়িত বিদেশিরা। আবার ব্যাংকের দিক থেকে এর পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে একদল লোক জড়িত। এখন যদি এমন হয়, যাঁরা এটিএমটি বানিয়েছেন বা এটি সম্পর্কে যাঁদের ভালো ধারণা রয়েছে, তাঁরা কেউ যদি জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে কারও কিছু করার নেই। আবার ব্যাংকের দিক থেকে যাঁরা জড়িত, তাঁদেরও কেউ কেউ তো লোভে পড়ে জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং প্রযুক্তির হুমকি অনেক দিক থেকেই রয়েছে।
প্রথম আলো: এরই মধ্যে কার্ড জালিয়াতির ঘটনার সঙ্গে ব্যাংকের লোকজনের সংশ্লিষ্টতার অভিযোগ কোনো কোনো পক্ষ থেকে বলা হচ্ছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কী?
মাহবুবুর রহমান: অভিযোগটিকে আমি উড়িয়ে দিচ্ছি না, আবার মেনে নেওয়ার মতো তথ্য-প্রমাণও আমার কাছে নেই। সারা বিশ্বে এ ধরনের ঘটনা ঘটে। তাতে সাবেক ও বর্তমান ব্যাংকারদেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। বিদেশে অনেক ক্ষেত্রে দেখা যায়, দ্রুত টাকা কামানোর লোভে পড়ে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েও কেউ কেউ জালিয়াতি চক্রের সঙ্গে হাত মেলান। বাংলাদেশেও এর আগে জালিয়াতির ঘটনায় সাবেক ব্যাংকারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই জালিয়াতির ঘটনায় ব্যাংকাররা জড়িত থাকতে পারেন না এমন দাবি আমি করব না।
প্রথম আলো: সাম্প্রতিক ঘটনার পরপর জালিয়াতি রোধে প্রতিটি এটিএমে প্রতিরোধক যন্ত্র বসানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উন্নত পদ্ধতির কার্ড চালুর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এসব প্রতিরোধক ব্যবস্থার সঙ্গে বড় ধরনের বাণিজ্য জড়িত। তাই এমন প্রশ্নও উঠেছে, যাঁরা এ ব্যবসাটি করতে আগ্রহী, তাঁদের কেউ হয়তো এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। আপনি কী মনে করেন?
মাহবুবুর রহমান: হতে পারে। অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এক মাসের মধ্যে প্রতিটি এটিএম বুথে জালিয়াতি প্রতিরোধক ব্যবস্থা বা এন্ট্রি স্কিমিং ডিভাইস বসাতে হবে। কার্ডের নিরাপত্তা বাড়াতে ম্যাগনেটিভ সংবলিত কার্ড থেকে ইএমভি চিপ সংবলিত কার্ড চালুর বিষয়টিও আলোচনায় এসেছে। কারণ এ ধরনের কার্ডে জালিয়াতির সম্ভাবনা কম। কিন্তু এটি করতে হলে ব্যাংকগুলোকে বিপুল বিনিয়োগ করতে হবে। বাইরের প্রতিষ্ঠানগুলোকে দিয়েই এ কাজটি হয়তো করাতে হবে। তাই কেউ কেউ এ ধরনের অভিযোগ তুলছেন হয়তো।
প্রথম আলো: এটিএম বুথে জালিয়াতি প্রতিরোধক যন্ত্র বসিয়ে না হয় কার্ডের সুরক্ষা বাড়ানো হলো। কিন্তু এখন তো বড় বড় সুপারশপ থেকে শুরু করে ছোটখাটো দোকানপাট, রেস্তোরাঁ—সর্বত্র কার্ডের ব্যবহার হচ্ছে। সেসব ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি কীভাবে নিশ্চিত করা হবে?
মাহবুবুর রহমান: পয়েন্ট অব সেল বা পিওএস মেশিনে এন্ট্রি স্কিমিং ডিভাইস বসানো যায় কি না, তা আমার জানা নেই। আমি মনে করি, এসব ক্ষেত্রে গ্রাহক সচেতনতাই হতে পারে একমাত্র নিরাপত্তা। কোনো কার্ডে বিল প্রদানের ক্ষেত্রে কোথায় কার্ডটি ব্যবহার করা হচ্ছে, তা গ্রাহককেই নিশ্চিত হতে হবে। বাহকের হাতে কার্ড না দিয়ে যতটা সম্ভব নিজের চোখের সামনেই কার্ড পাঞ্চ করতে হবে।