গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রে প্রায় দুই হাজার অভিযোগ নিষ্পন্ন
এক বছরে গ্রাহকদের প্রায় দুই হাজার অভিযোগের নিষ্পত্তি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে স্থাপিত গ্রাহক স্বার্থ সংরক্ষণকেন্দ্রের (সিআইপিসি) মাধ্যমে পাওয়া এসব অভিযোগের সহজ সমাধান দেওয়া হয়েছে।সিআইসিপিতে আসা গ্রাহকের অভিযোগের বিষয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গত বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম, রবিউল হাসান, এ এফ এম আসাদুজ্জামান, উপমহাব্যবস্থাপক স্বপন কুমার রায় প্রমুখ।টেলিফোন কিংবা লিখিতভাবে আসা এসব অভিযোগ নিষ্পত্তির ফলে ব্যাংক খাতের প্রতি গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি বাড়ছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। অনুষ্ঠানে জানানো হয়, লিখিত ও টেলিফোনযোগে মোট দুই হাজার ১৫১টি অভিযোগ এ সময় আসে। এর মধ্যে লিখিত হচ্ছে ৯৮১টি, টেলিফোনে এসেছে এক হাজার ১৭০টি। এসব অভিযোগের এক হাজার ৯৪১টি নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট ২১০টি তদন্তাধীন রয়েছে। গভর্নর বলেন, ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এটি প্রশংসনীয় উদ্যোগ।