গ্রাহকদের জন্য কল সেন্টার চালু করতে যাচ্ছে বিটিআরসি
টেলিযোগাযোগ-সংক্রান্ত গ্রাহকের অভিযোগ সংগ্রহে তৃতীয় পক্ষের মাধ্যমে একটি কল সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য চার সংখ্যার শর্টকোড ২৮৭২ চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা। গ্রাহক অভিযোগের ব্যবস্থা থাকলেও এত দিন বিটিআরসির নিজস্ব কোনো কল সেন্টার ছিল না।
জানা গেছে, বিটিআরসির কল সেন্টারটি পরিচালনার জন্য গত ২৫ জানুয়ারি দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে আটটি প্রতিষ্ঠান এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে আবেদন জমা দিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিজিকন টেকনোলজিস, সাইনেসিস, ইমপেল সার্ভিস অ্যান্ড সলিউশনস, সুপার টেল, সফট কল, এসএসএল, কগনেট বাংলাদেশ ও ডেভনেট অ্যান্ড উইন্ডমিল ইনফো টেক লিমিটেড।
আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আবেদন যাচাই-বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা করা হবে। এরপর নিয়ম অনুযায়ী ওই প্রতিষ্ঠানগুলোর জমা দেওয়া কারিগরি সক্ষমতা ও আর্থিক প্রস্তাব মূল্যায়নের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হবে।
বিটিআরসি সচিব ও মুখপাত্র সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘মোবাইল অপারেটরসহ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের নিজস্ব কল সেন্টারে ফোন করে যেসব গ্রাহক প্রতিকার পাবেন না, তাঁরা বিটিআরসির কল সেন্টারে অভিযোগ জানাতে পারবেন। এই কল সেন্টারটি দ্বিতীয় পর্যায়ের গ্রাহক অভিযোগকেন্দ্র হিসেবে কাজ করবে। যথাযথ প্রক্রিয়ায় অগ্রাধিকারভিত্তিতে এটি চালু করা হবে।’
জানা গেছে, তিন বছর পর্যন্ত এই কল সেন্টার পরিচালনার জন্য বাজেট ধরা হয়েছে এক কোটি টাকা। কল সেন্টার থেকে গ্রাহকের করা অভিযোগের ভিত্তিতে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদনও সংগ্রহ করা হবে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া কল সেন্টারটি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহক চাহিদা অনুযায়ী পরবর্তী সময়ে এই সময়সীমা বাড়ানো হতে পারে।
গ্রাহকের অভিযোগ সংগ্রহে গত বছরের জুনে আট সদস্যের একটি কমিটি গঠন করে বিটিআরসি। তবে গ্রাহক সমস্যা সমাধানে ওই কমিটি খুব একটা কার্যকর ভূমিকা নিতে পারেনি।
গ্রাহক অভিযোগ সংগ্রহে বর্তমানে বিটিআরসির ০১৫৫৫১২১১২১ নম্বরের একটি হটলাইন রয়েছে। এ ছাড়া ই-মেইল ও বিটিআরসির ওয়েবসাইটে অনলাইন অভিযোগকেন্দ্রের মাধ্যমে গ্রাহকেরা তাঁদের অভিযোগ জমা দিতে পারেন।