রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বাস করেন এমন ক্ষুদ্রঋণ গ্রহীতার বেশির ভাগই নিজেদের জীবনযাপন নিয়ে সুখী। তাঁরা মনে করেন, ক্ষুদ্রঋণের কারণে তাঁদের আয়-রোজগার আগের তুলনায় বেড়েছে।ইনস্টিটিউট অব মাইক্রো ফাইন্যান্স আয়োজিত ‘শহরে ক্ষুদ্রঋণের মাধ্যমে আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা’ শীর্ষক উপস্থাপিত এক সমীক্ষায় গতকাল মঙ্গলবার এ তথ্য তুলে ধরা হয়েছে।সমীক্ষায় অংশ নেওয়া ৩৮ শতাংশ বলেছেন, তাঁরা তাঁদের বর্তমান জীবন নিয়ে সুখী। ৪৪ দশমিক ৪১ শতাংশ মোটামুটি সুখী বলে জানিয়েছেন। মাত্র তিন শতাংশ বলেছেন, তাঁরা মোটেও সুখী নন। আর ১৪ দশমিক ৫১ শতাংশ জানিয়েছেন, তাঁরা না সুখী না অসুখী—এমন অবস্থার মধ্যে বাস করেন। তবে যাঁদের আয় তুলনামূলক বেশি এবং যাঁরা রাজধানীর বাইরে অন্য শহরে বাস করেন, তাঁদের মধ্যে সুখ বোধ অন্যদের চেয়ে বেশি।রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সম্মেলন কক্ষে সমীক্ষাটি তুলে ধরেন যুক্তরাষ্ট্রের আরবানা চ্যাম্পেইনের ইউনিভার্সিটি অব ইলিনয়েসের অর্থনীতির অধ্যাপক ও আইএনএমের ভিজিটিং স্কলার সেলিম রশীদ। সমীক্ষার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, যেসব পরিবার ঋণ নিয়েছে, তাদের জীবন সম্পর্কে আশাবাদ আগের তুলনায় বেড়েছে। এ সমীক্ষায় দেখানো হয়েছে, ৬৬ দশমিক ৬১ শতাংশ ঋণগ্রহীতা যাঁরা ২০০৫ সাল বা এর আগে থেকে ঋণ নিয়েছেন, তাঁদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁদের মাসিক গড় আয় ১২ হাজার ৩৫ টাকা। কিন্তু চার বছর আগে আয় ছিল আট হাজার ২০০ টাকার মতো। এ সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিরা স্থানীয় পর্যায়ের ৭৫ ধরনের ক্ষুদ্র ব্যবসার কথা উল্লেখ করে বলেছেন, এসব ব্যবসায় গড়ে বছরে প্রায় ২০০ শতাংশ মুনাফা করা সম্ভব। এ তথ্য তুলে ধরে সেলিম রশীদ বলেন, এ খাতে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক পুঁজি বিনিয়োগের সুযোগ রয়েছে।রাজধানী ঢাকাসহ ১৩টি জেলার শহরের বস্তিতে বসবাসরত ও স্বল্প আয়ের তিন হাজার ৫০০টি পরিবারের ওপর সুনির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে এ সমীক্ষা চালানো হয়। এসব পরিবারের মধ্যে দুই হাজার ৫০০টি বিভিন্ন ক্ষুদ্রঋণ দাতা প্রতিষ্ঠানের সদস্য। আর অন্য এক হাজার কোনো প্রতিষ্ঠানের সদস্য নয়।আইএনএমের নির্বাহী পরিচালক বাকী খলীলী সেমিনারে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেসবাহউদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ, মোশারফ হোসেন, অর্থনীতিবিদ সাজ্জাদ জহির প্রমুখ।