
টেলিযোগাযোগ খাতে গ্রাহকসেবার মান বাড়ানোয় বেশি গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানালেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। টেলিযোগাযোগ সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সঙ্গে গতকাল সোমবার এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহ পর প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শাহজাহান মাহমুদ। তিনি বলেন, ‘শুধু ফোনে কথা বলা ও খুদে বার্তা পাঠানোকেই এ দেশে টেলিযোগাযোগ সেবা নেওয়ার উপায় হিসেবে গণ্য করা হয়, কিন্তু এর বাইরেও অনেক সেবা আছে, যেটা অনেকেই জানে না। গ্রাহকসেবা নিশ্চিতে বিটিআরসির যেসব নীতিমালা ও মান নির্ধারণ করা আছে, সেগুলো নিশ্চিতে আমরা কঠোর হব।’ শাহজাহান মাহমুদ আরও বলেন, বিটিআরসিকে জনগণের আরও কাছে নিয়ে যাওয়ার একমাত্র উপায় সাংবাদিক। জনগণের তথ্য প্রাপ্তি ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের সব রকমের সহযোগিতা করতে বিটিআরসি আগের চেয়ে বেশি উদ্যোগী হবে।
আন্তর্জাতিক কলের সংখ্যা বৃদ্ধি করে সরকারের রাজস্ব নিশ্চিত করা ও অবৈধ ভিওআইপি কল নিয়ন্ত্রণ তাঁর অগ্রাধিকার তালিকায় থাকবে বলে জানান শাহজাহান মাহমুদ। পাঁচ হাজার কোটি টাকার বেশি বকেয়া আদায়ে আইনি পদক্ষেপের পাশপাশি রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিটিআরসির প্রধান। সাইবার নিরাপত্তা নিশ্চিতে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সব উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বিটিআরসির সচিব সরওয়ার আলমের সঞ্চালনায় কমিশনের ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষে টিআরএনবির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বক্তব্য দেন।