বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থসংরক্ষণ কেন্দ্রের মাধ্যমে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির হার কমে গেছে। ২০১২-১৩ অর্থবছরে বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে আসা অভিযোগের মধ্যে ৬৮ শতাংশ নিষ্পত্তি হলেও ২০১১-১২ অর্থবছরে নিষ্পত্তির হার ছিল ৯৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক প্রকাশিত গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে দেখা গেছে, অভিযোগ নিষ্পত্তিতে সবচেয়ে পিছিয়ে আছে বেসরকারি সিটি ব্যাংক। আর এ সময়ে বেশি অভিযোগ এসেছে সোনালী ব্যাংকের বিরুদ্ধে।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ ফারুকী, গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক স্বপন কুমার রায়, তিনটি ব্যাংকের কর্মকর্তা এবং কয়েকজন গ্রাহক।
অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ করতে ২০১১ সালের মার্চ মাসে বাংলাদেশ ব্যাংকে প্রথমে একটি ‘হেল্পডেস্ক’ চালু করা হয়। পরে এর নাম ‘গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র’ করা হয়।
প্রতিবেদনে দেখা গেছে, ২০১২-১৩ অর্থবছরে ব্যাংকগুলোর বিরুদ্ধে মোট চার হাজার ২৯৬টি অভিযোগ এসেছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে দুই হাজার ৯৪১টি, যা ৬৮ দশমিক ৪৬ শতাংশ। আগের অর্থবছরে অভিযোগ এসেছিল দুই হাজার ৫২৬টি। এর মধ্যে দুই হাজার ৩৭০টি নিষ্পত্তি হয়েছিল।