গ্রাহকের ছবি তুলতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঁচ হাজার টাকার বেশি লেনদেনকারী গ্রাহকের ছবি তোলার বাধ্যবাধকতাটি স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত সংশোধিত এক নির্দেশনা জারি করা হয়। তাতে লেনদেনকারীর ছবি তোলার বিষয়টি আপাতত স্থগিত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া ছয় মাসের মধ্যে গ্রাহকের মোবাইল সিমের নিবন্ধন ও পুনর্নিবন্ধনের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেটিও শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনায় মোবাইল সিমের নিবন্ধন ও পুনর্নিবন্ধনের বিষয়টি রাখা হলেও সময়ের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়।
বাংলাদেশ ব্যাংক ২ আগস্ট এক নির্দেশনায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঁচ হাজার টাকার বেশি লেনদেনকারী গ্রাহকের ছবি তুলে তা সংরক্ষণের নির্দেশ দিয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশব্যাপী মোবাইল ব্যাংকিংয়ের যে বিস্তার ঘটেছে, তাতে প্রত্যন্ত অঞ্চলে অনেক সেবাদানকারী প্রতিষ্ঠান ও এজেন্টের কাছে ছবি তোলা ও সংরক্ষণের মতো পর্যাপ্ত অবকাঠামো ও প্রযুক্তি নেই। তাই বাস্তবতা বিবেচনায় আপাতত ছবি তোলার বিধানটি স্থগিত করা হয়েছে।