গ্রাহকের নাগালে রাখতে হবে থ্রিজির মূল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ মূল্যে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) স্পেকট্রাম বা লাইসেন্স বিক্রি করাটা কখনোই সঠিক হবে না বলে মনে করেন ভারতী এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কাপুর। ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ভারতী এয়ারটেলের প্রধান এই কর্মকর্তা বলেন, স্পেকট্রামের মূল্য নির্ধারণ করবে বাজারের বিদ্যমান প্রতিযোগিতা, যাতে করে থ্রিজি ব্যবহারকারীরা তাঁদের সাধ্যমতো খরচে এ সেবা উপভোগ করতে পারেন।সম্প্রতি ঢাকায় প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে সঞ্জয় কাপুর এসব কথা বলেন। ভারতী এয়ারটেল বাংলাদেশে বিদ্যমান মুঠোফোন অপারেটর এয়ারটেলের মূল প্রতিষ্ঠান।সঞ্জয় কাপুর বলেন, বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে থ্রিজি নিলামের প্রস্তাবিত মূল্য দুই কোটি মার্কিন ডলার। কিন্তু এই হারে উচ্চ মূল্যে থ্রিজি কিনে অপারেটরদের পক্ষে কম মূল্যে গ্রাহকদের থ্রিজি দেওয়া সম্ভব নয়। ভারতে থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা দেখে বাংলাদেশ সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার বলে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, দুই বছর ধরে ভারতে থ্রিজি চালু হয়েছে। কিন্তু এখনো দ্বিতীয় প্রজন্মের (টুজি) ব্যবহারকারীর সংখ্যা বেশি। কারণ একটাই—থ্রিজির উচ্চ মূল্য।টেলিযোগাযোগ খাতে উচ্চ মাশুল গ্রাহকদের ওপর কতটুকু প্রভাব ফেলতে পারে জানতে চাইলে সঞ্জয় কাপুর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, টেলিযোগাযোগ খাতে অপারেটরদের ওপর উচ্চ হারে কর বা ফি আরোপ করা উচিত নয়। কারণ, এতে ব্যবসা সম্প্রসারণে নতুন বিনিয়োগ কঠিন হয়ে পড়ে। বিশ্বের অন্যান্য দেশের দিকে লক্ষ করলেই এর উদাহরণ মিলবে।’সাম্প্রতিক সময়ে যেসব দেশ টেলিযোগাযোগ খাতে উচ্চ কর বা মাশুল আরোপ করেছে বা যেসব অপারেটর অতিরিক্ত হারে মাশুল দিয়ে লাইসেন্স নিয়েছে, তারা দেশব্যাপী তাদের সেবা ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন সঞ্জয় কাপুর। তিনি আরও বলেন, বাংলাদেশে যেখানে অপারেটরদের আরপিইউ (রেভিনিউ পার ইউজার) কম, সেখানে অপারেটরদের বেশি কর বা ফি দিতে হলে স্বাভাবিকভাবেই গ্রাহক পর্যায়ে ট্যারিফ (দাম) বাড়বে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যেখানে সরকার নিজেই তথ্যপ্রযুক্তি পৌঁছে দিতে চাচ্ছে, সেখানে টেলিযোগাযোগ সেবাই অত্যন্ত ব্যয়বহুল হিসেবে বিবেচিত হবে।বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে সঞ্জয় কাপুর বলেন, এ খাত ক্রমেই বিকশিত হচ্ছে। গত ১৫ বছরে বাংলাদেশে টেলিফোনের ঘনত্ব শতকরা ১ ভাগেরও কম থেকে প্রায় ৪০ ভাগে পৌঁছেছে। এ ক্ষেত্রে মুঠোফোনের ভূমিকা শতকরা ৯৮ ভাগের বেশি। দেশের জনসংখ্যার প্রায় ১০০ ভাগকে মোবাইল নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছে অপারেটররা। সরকারের কাছে একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব লাইসেন্স নবায়নকাঠামোও আশা করেন ভারতী এয়ারটেলের এই প্রধান নির্বাহী কর্মকর্তা।