গ্রাহকের বিমা দাবি পরিশোধে ফারইস্ট লাইফের গড়িমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের মৃত্যু দাবি পরিশোধ নিয়ে দুই বছর ধরে গড়িমসি করছে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে বিষয়টি ধরা পড়েছে। আইডিআরএ গত বৃহস্পতিবার এক নির্দেশনায় শেরপুরের শ্রীবর্দী থানার মৃত মো. আজহারুল ইসলামের স্ত্রী রাশেদা বেগম ও ছেলে আরিফুল ইসলামকে শিগিগির ৪১ লাখ ৩৯ হাজার ৫২০ টাকা পরিশোধ করতে বলেছে। আগামী ১৫ দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে হবে।সূত্র জানায়, ২০০৯ সালের ডিসেম্বরে ফারইস্ট লাইফে ৩৩ লাখ টাকার একটি জীবন বিমা পলিসি খোলেন মো. আজহারুল ইসলাম। কয়েকটি কিস্তি দেওয়ার পরই তিনি মারা যান। নিয়মানুযায়ী গ্রাহক মারা যাওয়ার পর পলিসির পুরো টাকা পাওয়ার কথা মৃত ব্যক্তির মনোনীত ব্যক্তি বা ব্যক্তিরা। আজহারুল ইসলামের স্ত্রী ও পুত্র বিমা দাবি পেতে আবেদন করে ফারইস্টের কাছে। কিন্তু দুই বছর ধরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকে কোম্পানিটি। পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেবে বলে আজহারুল ইসলামের স্ত্রী ও পুত্রকে বারবার শুধু আশ্বাস দেওয়া হয়। সম্প্রতি কোম্পানিটি জানিয়ে দেয়, কোনো অর্থ দেওয়া হবে না। কারণ, বিমা পলিসি শুরু করার সময় আজহারুল ইসলামের স্বাস্থ্যগত প্রতিবেদন (মেডিকেল রিপোর্ট) সঠিক ছিল না। এ জবাব পাওয়ার পর আজহারুল ইসলামের স্ত্রী-পুত্র অভিযোগ করেন আইডিআরএর কাছে। আইডিআরএ গত বৃহস্পতিবার শুনানিতে ডাকে ফারইস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরামুল আমিন ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হেমায়াতউল্লাহকে। দুজনই তাঁদের দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে বলেন, আজহারুল ইসলামের স্বাস্থ্যগত অবস্থা স্বাভাবিকই ছিল। আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ, দুই সদস্য নবগোপাল বণিক ও ছাঈদ আহমেদ খান এবং আজহারুল ইসলামের স্ত্রী-পুত্র শুনানিতে উপস্থিত ছিলেন। জানা গেছে, এ ছাড়াও বিমা পলিসিটি খোলার শুরুর দিন থেকেই আইন লঙ্ঘন করে আসছিল ফারইস্ট লাইফ। ৩৩ লাখ টাকার বিমা পলিসির প্রিমিয়াম ছিল চার লাখ টাকা। কিন্তু আইন লঙ্ঘন করে প্রিমিয়ামের ৯০ শতাংশই ছাড় দিয়েছিল কোম্পানিটি। আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ জানান, ‘পলিসির মাত্র ১০ শতাংশ অর্থাৎ ৪০ হাজার ২৯ টাকা প্রিমিয়াম নিয়ে বিমা করানো হয়-যা অনৈতিক।’ স্বাস্থ্যগত প্রতিবেদন সঠিক না থাকার পক্ষে কোনো দলিল উপস্থাপন করতে পারেনি ফারইস্ট। কোম্পানির আগের এমডি মোশাররফ হোসেনের ওপর দায় চাপানোর চেষ্টা করা হয়। তবে শুনানি শেষে অনিয়মের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন বর্তমান এমডি ও ডিএমডি।আইডিআরএর চেয়ারম্যান জানান, সবকিছু জেনেও দায়িত্বে অবহেলার জন্য ফারইস্টের এমডি ও এএমডিকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।ফারইস্ট লাইফের এমডি একরামুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। টাকা পরিশোধ কবে করা হবে জানতে চেয়ে তাঁর মুঠোফোনে খুদে বার্তা দেওয়া হলে তারও কোনো জবাব দেননি তিনি।