ব্রোকারেজ হাউস সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজকে আগামী ৩০ জুনের মধ্যে গ্রাহকের আত্মসাৎ হওয়া শেয়ার ও অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য প্রতিষ্ঠান।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল বুধবারের সভা থেকে এ নির্দেশনা দেওয়া হয়। সভাশেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত বছরের ২ নভেম্বর গ্রাহকের শেয়ার ও অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রো সিটিকে নির্দেশ দিয়েছিল বিএসইসি। পাশাপাশি বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয় সিএসইকে।
প্রতিষ্ঠানটি সম্পর্কে সিএসই সর্বশেষ বিএসইসিতে যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে বলা হয়, গ্রাহকের শেয়ার ও অর্থ ফিরিয়ে দিতে প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে। এ অবস্থায় কমিশন শেয়ার ও অর্থ ফেরত দেওয়ার সময় বাড়িয়ে ৩০ জুন করেছে। আর এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি বিএসইসির নির্দেশনা পরিপালন করছে কি না, তা তদারকির দায়িত্ব দেওয়া হয় সিএসই ও সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলকে।
এ ছাড়া কমিশনের গতকালের সভায় বেমেয়াদি আইসিবি এএমসিএল ইসলামিক ইউনিট ফান্ডের আকার বাড়ানোর প্রস্তাব-সংবলিত প্রসপেক্টাস অনুমোদন করা হয়। তাতে ফান্ডটির আকার বাড়িয়ে ২০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নতুন করে সংগ্রহ করা হবে ২ কোটি ১৩ লাখ টাকা। বাকি ১৭ কোটি ৮৭ লাখ টাকা পুরোনো ইউনিটধারীদের কাছ থেকে এরই মধ্যে ফান্ডটিতে জমা করা হয়েছে। এটি একটি মেয়াদি ফান্ড ছিল, সেটিকে রূপান্তর করে এখন বেমেয়াদি করা হয়েছে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় আজ বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। সে হিসেবে শেয়ারবাজারে গতকাল বুধবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস।
সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৫০৯ পয়েন্ট।
ঢাকার বাজারে গতকাল ৩১৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৬টির দাম কমেছে, বেড়েছে ১২২টির আর অপরিবর্তিত ছিল ৫৬টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৯৫ কোটি টাকা বেড়ে হয়েছে প্রায় ৩৫১ কোটি টাকা।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৭৫৩ পয়েন্টে। এদিন সিএসইতে ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৩টিরই দাম কমেছে, বেড়েছে ৮৫টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম।
দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ৬১ কোটি টাকা।