বিনিয়োগকারীর অজান্তে আবারও শেয়ার ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত একটি ব্রোকারেজ হাউস। এ কারণে গতকাল মঙ্গলবার থেকে ব্রোকারেজ হাউসটির লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। জানা গেছে, চার শতাধিক গ্রাহকের শেয়ার ও নগদ অর্থ মিলিয়ে প্রায় সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটিয়েছে এম এইচ চৌধুরী সিকিউরিটিজ। তবে গ্রাহকের কোনো অভিযোগ ছাড়াই ছয় মাসেরও বেশি সময় ধরে ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে এই আত্মসাতের ঘটনা উদ্ঘাটন করেছে ডিএসইর পর্যবেক্ষণ ও তদারকি বিভাগ। বিভাগটির উপমহাব্যবস্থাপক খন্দকার আসাদ উল্লাহর তত্ত্বাবধানে এই অনুসন্ধান পরিচালিত হয়। ডিএসইর অনুসন্ধানে বেরিয়ে আসা আত্মসাতের অভিযোগ লিখিতভাবে স্বীকার করেছে ব্রোকারেজ হাউসটি। এমনকি আত্মসাতের শেয়ার ও টাকা গ্রাহকের নিজ নিজ বিও (বেনিফিশারি ওনার্স) হিসাবে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারও করেছে। তবে সময়মতো গ্রাহকের বিও হিসাবে শেয়ার ও অর্থ ফিরিয়ে দিতে পারেনি প্রতিষ্ঠানটি।জানা গেছে, ২০১১ সালের ১৩ ডিসেম্বর ডিএসই লিখিতভাবে ঘটনাটি এম এইচ চৌধুরী সিকিউরিটিজ কর্তৃপক্ষের নজরে আনে। ডিএসইর চিঠিতে বলা হয়, ২০১১ সালের ২০ অক্টোবর পর্যন্ত সময়কালে ২০০ গ্রাহকের হিসাব থেকে নগদ এক কোটি ৩৭ লাখ ৬২ হাজার টাকা এবং তিন কোটি ৮০ লাখ ২৪ হাজার টাকার সমমূল্যের শেয়ারসহ মোট পাঁচ কোটি ১৭ লাখ ৮৪ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট বেশ কয়েকটি আইন ভঙ্গ করেছে। এ জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের শুনানিতে ডাকা হয়।এ সময় প্রতিষ্ঠানটি ২১ দিনের মধ্যে আত্মসাৎ হওয়া টাকা ও শেয়ার গ্রাহকের হিসাবে ফেরত দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু নির্ধারিত সময়ে তা পরিপালনে ব্যর্থ হয় এম এইচ চৌধুরী সিকিউরিটিজ। সর্বশেষ ১২ মার্চের মধ্যে গ্রাহকের সব পাওনা পরিশোধের লিখিত অঙ্গীকার করে সিকিউরিটিজটির পরিচালনা পর্ষদ। কিন্তু তাও পরিপালনে ব্যর্থ হয় ব্রোকারেজ হাউসটি। একদিকে গ্রাহকের আত্মসাৎ হওয়া টাকা ও শেয়ার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করা হয়, অন্যদিকে নতুন করে আরও প্রায় ২০০ গ্রাহকের শেয়ার আত্মসাতের ঘটনা ঘটে। এর মধ্যে ৬০ জন গ্রাহকের প্রায় ৯৫ লাখ ৫৪ হাজার টাকার সমপরিমাণ শেয়ার মাত্র তিনটি বিও হিসাবে সরিয়ে নিয়ে পরবর্তী সময়ে তা সংযোগ হিসাব বা লিংক অ্যাকাউন্টের মাধ্যমে আত্মসাৎ করা হয়। এর বাইরে ১৩৯ জন গ্রাহকের বিও হিসাবে থাকা গ্রামীণফোনের প্রায় ২৮ হাজার শেয়ার ঘাটতির তথ্য পাওয়া যায়, ডিএসইর হিসাবে যার বাজারমূল্য প্রায় ৪৩ লাখ টাকা। এভাবে ব্রোকারেজ হাউসটির বিরুদ্ধে সাড়ে ছয় কোটি টাকার আত্মসাতের ঘটনা খুঁজে পেয়েছে ডিএসই। তবে ডিএসইর তদন্ত বা অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্র জানায়, আত্মসাৎ করা টাকা বা শেয়ারের পরিমাণ আরও বেশি হতে পারে। তবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ভীত বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইন অনুযায়ী বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এদিকে গতকাল ডিএসইর ওয়েবসাইটে ব্রোকারেজ হাউসটির লেনদেন স্থগিতসংক্রান্ত খবর প্রচার করা হয়েছে। তাতে ওই হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রয়োজনে ডিএসইর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এদিকে, সিকিউরিটিজ হাউসটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন চৌধুরী ১২ মার্চ একটি চিঠির মাধ্যমে ডিএসইকে জানিয়েছে, মালিকপক্ষের অজ্ঞাতসারে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা এই ধরনের বেআইনি কর্মকাণ্ড ঘটিয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানটি নিজ উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য লেনদেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি নিজ উদ্যোগে এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে বিশেষ অনুসন্ধান চালাবে। জানা গেছে, বিষয়টি গতকালই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানানো হয়েছে।